আতঙ্কে আছে এনবিআর


প্রকাশিত: ০৭:১৬ পিএম, ২৫ মার্চ ২০১৫

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) মূসক নীতির সদস্য ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেনের ওপর দুর্বৃত্তদের হামলার ঘটনায় রাজস্ব প্রশাসনে আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছে।

হামলার নিন্দা জানিয়ে বুধবার বিসিএস (কাস্টমস ও ভ্যাট এবং ট্যাকসেশন) অ্যাসোসিয়েশন থেকে পাঠানো যৌথ সংবাদ বিজ্ঞপ্তিতে অপরাধীদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করা হয়।

এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন কর্তৃক পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার জাহাঙ্গীর হোসেনের ওপর বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) অ্যাসোসিয়েশন এবং বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের এক জরুরি যৌথসভা এনবিআরে অনুষ্ঠিত হয়।

সভায় হামলার নিন্দা জানিয়ে বলা হয়, ‘এ হামলার ফলে রাজস্ব প্রশাসনে আতঙ্কের পরিবেশ বিরাজ করছে। দেশের রাজস্বখাতের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাকে হত্যা চেষ্টার ঘটনায় উভয় ক্যাডারের সকল স্তরের কর্মকর্তাবৃন্দের মধ্যে তীব্র ক্ষোভ রয়েছে, যা রাজস্ব আদায়ে নেতিবাচক প্রভাব ফেলবে।’

এ ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি এবং রাজস্ব আদায়ের মতো গুরুত্বপূর্ণ কাজে নিয়োজিত ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিরাপত্তা নিশ্চিত করার জন্যও সরকারের নিকট জোর দাবি জানানো হয়।

সভায় বিসিএস (কাস্টমস এন্ড ভ্যাট) অ্যাসোসিয়েশনের সভাপতি ও মূসক বাস্তবায়ন ও আইটি সদস্য ফিরোজ শাহ্ আলম, বিসিএস (ট্যাকসেশন) অ্যাসোসিয়েশনের সভাপতি ও কর আপিল এবং অব্যাহতির সদস্য ড. মাহবুবুর রহমানসহ উভয় অ্যাসোসিয়েশনের নির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

২৩ মার্চ বনানীতে নিজ বাসভবনের সামনে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আহত হন ব্যারিস্টার জাহাঙ্গীর হোসন। বর্তমানে তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।