বিধ্বস্ত বিমানে মা-সহ ছিলেন সঙ্গীতে স্নাতক মার্কিন তরুণী
পরিচয় মিলতে শুরু করেছে ফ্রেঞ্চ আল্পস-এ বিধ্বস্ত বিমানের হতভাগ্য যাত্রীদের। একে একে জানা যাচ্ছে তাদের নাম, ঠিকানার বিবরণ।
যে তিনজন আমেরিকান নাগরিক এই বিমানে ছিলেন তাদের দু’জনের পরিচয় জানা গেল বুধবার। তাদের মধ্যে রয়েছে তরুণ একটি প্রাণ। সঙ্গীত ইন্ডাস্ট্রির ওপর স্নাতক এমিলি। সঙ্গে ছিলেন তার মা ইয়োভান্নি সেলকেও।
সেলকে (৫৭) দীঘর্দিন ধরে পেন্টাগনের কন্ট্রাকটর হিসেবে কাজ করছিলেন। আর তার কন্যা এমিলি ফিলাডেলফিয়ার ড্রেক্সেল বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করেছিলেন বলে জানা গেছে তাদের পরিবার থেকে।
বুধবার রেমন্ড সেলকে নিশ্চিত করেন ওই বিমানটিতেই ছিলেন তার স্ত্রী এবং কন্যা। পরিচয় পাওয়ার পরই ভার্জিনিয়ায় এই পরিবারটিতে নেমে আসে শোকের গাঢ় ছায়া।
মঙ্গলবার সকালে প্রায় ১৫০ জন যাত্রী নিয়ে ফ্রেঞ্চ আল্পসে বিধ্বস্ত হয় জার্মানউইং-এর একটি বিমান। যাত্রীদের কেউই বেঁচে নেই বলে নিশ্চিত করে ফরাসি কর্তৃপক্ষ।
এসআরজে