সরকারি ই-মেইল খুলে দেখছেন না ইউএনওরা


প্রকাশিত: ০৬:৫৭ পিএম, ০৪ এপ্রিল ২০১৫

সরকারি ই-মেইল নিয়মিত দেখা এবং তাতে সাড়া দেওয়ার ব্যাপারে অনাগ্রহ রয়েছে বেশিরভাগ উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও)। এদিকে, সরকার ই-মেইলকে সরকারি যোগাযোগের প্রধান ব্যবস্থা ঘোষণা করেছে।

প্রতিদিন মেইল দেখা, মেইলের প্রাপ্তি স্বীকার করার কথা থাকলেও উপজেলা নির্বাহী কর্মকর্তারা এ নির্দেশনা যথাযথভাবে প্রতিপালন না করায় নির্দেশনা বাস্তবায়নে ব্যবস্থা নিতে দ্বিতীয় দফা চিঠি দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

জেলা প্রশাসক (ডিসি) ও বিভাগীয় কমিশনারদের কাছে গত ৩০ মার্চ পাঠানো চিঠিতে বলা হয়েছে, ‘সরকারি যোগাযোগের ক্ষেত্রে ই-মেইল ব্যবহার সংক্রান্ত বিষয়ে সচিবালয় নির্দেশমালা, ২০১৪-এ সুস্পষ্ট নির্দেশনা রয়েছে। এ নির্দেশনা যথাযথ অনুসরণ নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গত ৬ জানুয়ারি চিঠি দেওয়া হয়েছে। কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কোনো কোনো উপজেলা নির্বাহী অফিসার এ নির্দেশনা প্রতিপালন করছেন না।’

এ জন্য প্রত্যেক ইউএনও’র প্রতিদিন মেইল দেখা প্রয়োজনীয় মেইলগুলো প্রিন্ট নিয়ে সংশ্লিষ্ট নথিতে কার্যক্রম গ্রহণ ও কম্পিউটারেও এ বিষয়ে একটি ফাইল খুলে সেখানে সংরক্ষণে জেলা প্রশাসকদের ব্যবস্থা নিতে বলা হয়েছে চিঠিতে।

একই সঙ্গে ইউএনওদের অপ্রয়োজনীয় মেইল মুছে মেইল বক্সে মেমরিতে পর্যাপ্ত স্থান ফাঁকা রাখা ও সম্ভাব্য ন্যুনতম সময়ে প্রতিটি সরকারি মেইলের প্রাপ্তি স্বীকার করার নির্দেশ দিতে জেলা প্রশাসকদের বলেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

মাঠ প্রশাসনে ইউএনওরা জেলা প্রশাসকদের অধীনে থেকে কাজ করেন। জেলা প্রশাসকদের তদারক করেন বিভাগীয় কমিশনাররা।

‘সচিবালয় নির্দেশমালা, ২০১৪’-এর ১৫ (৩) অনুচ্ছেদে বলা হয়েছে, ই-মেইলই হবে সরকারি যোগাযোগের প্রধান ব্যবস্থা। নিয়মিত মেইল-বক্স পরীক্ষা করতে হবে। যথাসম্ভব পত্র প্রাপ্তির সঙ্গে সঙ্গেই এর প্রাপ্তি স্বীকার করার ব্যবস্থা রাখতে হবে।

মে-ইল ব্যবহারের বিষয়ে জানতে কয়েকজন ইউএনএ’র সঙ্গে যোগাযোগ করা হয়। একজন ইউএনও নাম প্রকাশ না করার শর্তে বলেন, সরকারি মেইলগুলো খুলতে সমস্যায় পড়তে হয়। মাঝে মাঝে এগুলো খোলা যায় না। তাই মেইল নিয়মিত দেখা হয় না।

পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, ‘মন্ত্রিপরিষদ বিভাগের চিঠি অনুযায়ী আমরা ব্যবস্থা নিয়েছি। ইউএনওদের বলা হয়েছে। কোনো কোনো ইউএনও মেইলগুলোতে প্রবেশে আমাকে সমস্যার কথা জানিয়েছে।’

এসআরজে


পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।