কামারুজ্জামানের রায় পুনর্বিবেচনার শুনানি আজ


প্রকাশিত: ০৪:০২ এএম, ০৫ এপ্রিল ২০১৫

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা মুহাম্মদ কামারুজ্জামানের মৃত্যুদণ্ড বহাল রেখে দেওয়া রায় পুনর্বিবেচনার আবেদনের ওপর সুপ্রিম কোর্টের আপিল বিভাগে শুনানির জন্য দিন ধার্য রয়েছে আজ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার (এস কে) সিনহার নেতৃত্বে চার সদস্যের আপিল বিভাগে এ শুনানি হবে। আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চের আজকের দৈনন্দিন কার্যতালিকায় কামারুজ্জামানের রিভিউ আবেদনটি ৬ নম্বরে রয়েছে।

এর আগে কামারুজ্জামানের আইনজীবীদের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি দুইবার পেছালেও আজ তাঁরা সময়ের আবেদন করছেন না বলে জানা গেছে।

কামারুজ্জামানের আইনজীবী অ্যাডভোকেট মো. শিশির মনির বলেন, `আমরা আর সময়ের আবেদন করছি না। যথারীতি শুনানিতে অংশ নেব।` শনিবার সকালে ঢাকা কেন্দ্রীয় কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করে ফিরে এ কথা জানান তিনি।

এদিকে শনিবার সকালে কারাগারে কামারুজ্জামানের সঙ্গে সাক্ষাৎ করেছেন তাঁর পাঁচ আইনজীবী। তারা হলেন অ্যাডভোকেট মশিউল আলম, মতিউর রহমান আকন্দ, শিশির মনির, ব্যারিস্টার এহসান এ সিদ্দিক ও মুজাহিদুল ইসলাম শাহীন।  

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।