অভ্যন্তরীণ ৫ রুটে বিমানের ফ্লাইট উদ্বোধন আজ
একযোগে দেশের পাঁচটি রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট চালু হতে যাচ্ছে আজ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালে আনুষ্ঠানিকভাবে অভ্যন্তরীণ রুটগুলো উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।
সোমবার থেকে ঢাকা-রাজশাহী, ঢাকা-কক্সবাজার, ঢাকা-যশোর, ঢাকা-বরিশাল ও ঢাকা-সৈয়দপুর রুটে বিমানের ফ্লাইট চলবে। দীর্ঘ আড়াই বছর পর বিমানের এ অভ্যন্তরীণ রুট চালু করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানকে কেন্দ্র করে হযরত শাহজালাল বিমানবন্দরের ভিভিআইপি টার্মিনালকে বর্ণিল সাজে সাজানো হয়েছে।
শুক্রবার বিমানের বহরে যুক্ত হওয়া দুটি টার্বো প্রপ উড়োজাহাজ দিয়ে এসব ফ্লাইট পরিচালনা করা হবে। পাঁচ বছরের জন্য লিজ নেওয়া ড্যাস-৮ ও কিউ-৪০০ টার্বো প্রপ উড়োজাহাজ দুটি শুক্রবার মিসর থেকে ঢাকায় পৌঁছেছে।
জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি টিকিট বিক্রি শুরু হয়েছে। ইতোমধ্যে এক সপ্তাহের সব টিকিট বিক্রি হয়ে গেছে। এক মাসের জন্য বুকিংও শেষ। বিমান কর্তৃপক্ষ ১৯ ফেব্রুয়ারি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালুর ঘোষণা দেয়। বেসরকারি এয়ারলাইন্সের তুলনায় অর্ধেক ভাড়ায় দেশের ৭টি রুটে যাওয়ার সুযোগ করে দিতে যাচ্ছে বিমান। এ জন্য ৭৪ আসনের দুটি উড়োজাহাজ লিজ নেওয়া হয়েছে মিসরের স্মার্ট এভিয়েশন থেকে।
বিমানের সেলস অফিস সূত্রে জানা গেছে, ঢাকা-চট্টগ্রাম রুটের ভাড়া হবে ৪ হাজার টাকা। ঢাকা-কক্সবাজার ৫ হাজার ৫০০ টাকা, ঢাকা-সিলেট ৩ হাজার ২০০ টাকা, ঢাকা-রাজশাহী, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-যশোর রুটের ভাড়া ৩ হাজার ৫০০ টাকা, ঢাকা-বরিশাল ৩ হাজার টাকা এবং চট্টগ্রাম-কক্সবাজার ২ হাজার ২০০ টাকা। সব ভাড়াই ওয়ানওয়ে এবং ট্যাক্সসহ নির্ধারণ করা হয়েছে।
বিমান চলাচল খাত-সংশ্লিষ্টরা বলছেন, অভ্যন্তরীণ রুটগুলোতে বিমান যে ভাড়া ঘোষণা করেছে তা দেশে ফ্লাইট পরিচালনা করা সব বেসরকারি এয়ারলাইন্সের প্রায় অর্ধেক।
সপ্তাহে ঢাকা-কক্সবাজার রুটে ৬টি ফ্লাইট, ঢাকা-যশোর রুটে ৫টি, ঢাকা-রাজশাহী রুটে তিনটি, ঢাকা-সৈয়দপুর ও ঢাকা-বরিশালে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স। এর বাইরে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেট রুটে সপ্তাহে ২৫টি অতিরিক্ত ফ্লাইট পরিচালনার পরিকল্পনা রয়েছে। এ ছাড়া ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-সিলেটে কানেক্টিং ফ্লাইট যথারীতি চালু থাকবে। প্রয়োজন হলে কানেক্টিং ফ্লাইটের সংখ্যা বাড়ানো হবে।
বিমানের সহকারী ব্যবস্থাপক (জনসংযোগ) তাছমিন আকতার জানান, সোমবার সকাল ৭টায় টার্বো প্রোপেলার উড়োজাহাজের প্রথম ফ্লাইট ঢাকা থেকে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যাবে।
এসএস/বিএ/এমএস