থানায় নির্যাতন : দুই এসআইয়ের বিরুদ্ধে পরোয়ানা


প্রকাশিত: ১১:৫৬ এএম, ০৫ এপ্রিল ২০১৫

পল্লবী থানার সাবেক দুই উপ-পরিদর্শক (এসআই) ও এক সোর্সের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। রোববার ঢাকা মহানগর দায়রা জজের বিচারক কামরুল হোসেন মোল্লা এ পরোয়ানা জারি করেন।

মামলার অভিযোগ থেকে জানা গেছে, ২০১৪ সালের ৯ ফেব্রুয়ারি মিরপুর-১১ ইরানি ক্যাম্পের বিয়ে বাড়ির অনুষ্ঠান থেকে জনি নামের যুবকে পল্লবী থানায় নিয়ে নির্যাতন করে এসআই জাহিদসহ অন্যরা। পরের দিন সকাল ১০টায় জনির মৃত্যু হয়। ওই ঘটনায় ৭ আগস্ট জনির ছোট ভাই ইমতিয়াজ হোসেন রকি ঢাকা মহানগর দায়রা জজ আদালতে পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউর রহমানসহ আটজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন- তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদ, এসআই আবদুল বাতেন, এসআই রাশেদ, এসআই শোভন কুমার শাহা, পুলিশ কনস্টেবল নজরুল, সোর্স সুমন ও রাসেল।

আদালত মামলাটি আমলে নিয়ে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। ২০১৫ সালের ১৭ ফেব্রæয়ারি ঢাকা মহানগর হাকিম মারুফ হোসেন তৎকালীন পল্লবী থানার এসআই জাহিদুর রহমান জাহিদসহ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। অপর চার আসামি হলেন- এসআই রাশেদ, এসআই কামরুজ্জামান মিন্টু, পুলিশের সোর্স সুমন ও রাসেল।

মামলার অভিযোগপত্র আমলে নেওয়ার দিন রোববার ধার্য ছিল। কিন্তু দুই এসআই রাশেদুল ও কামরুজ্জামন মিন্টু হাজির না হওয়ায় এ পরোয়ানা জারি করা হয়। মামলায় আইনী সহযোগিতা করেন এ্যাডভোকেট ফাহমিদা আক্তার শিরিন।

এএইচ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।