ডিসিসি নির্বাচনে আপিলে বৈধ আরো ১৭ প্রার্থী
ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়নপত্র বাতিল হওয়া প্রার্থীদের আপিল শুনানীর দ্বিতীয় দিনে ১৭ জনের প্রার্থিতা বৈধ ঘোষণা করা হয়েছে। তবে, বাতিল হওয়া দুই মেয়র প্রার্থী ঢাকা দক্ষিণে মো. বাবুল সরদার চাখারী এবং উত্তরে মো. নাঈম হাসান-এর বাতিল আদেশ বহাল রাখা হয়েছে। রোববার আপিল কর্তৃপক্ষ ঢাকার বিভাগীয় কমিশনার মো. জিল্লার রহমান এই ঘোষণা দেন।
রাজধানীর সেগুনবাগিচায় বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দ্বিতীয় দিন ৪৭ জন প্রার্থীর আপিল শুনানী অনুষ্ঠিত হয়। এরমধ্যে দুই জন মেয়রসহ ৩০ জন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করে দেয়া রিটার্নিং অফিসারের সিদ্ধান্ত বহাল রাখেন বিভাগীয় কমিশনার। বিভাগীয় কমিশনার কার্যালয়ের সহকারী কমিশনার এসএম মাহফুজুর রহমান আজ রাত সাড়ে ৯টায় সাংবাদিকের এ কথা জানান।
আগামীকাল সোমবার ৫৩ জন কাউন্সিলর প্রার্থী এবং পরদিন মঙ্গলবার ১ জন মেয়র ও ৫৭ জন কাউন্সিলর প্রার্থীর শুনানী অনুষ্ঠানের মাধ্যমে মনোনয়নপত্র বাতিল হওয়া ১৮০ জন প্রার্থীর আপিল শুনানী শেষ হবে।
এদিকে, গত দুই দিনে ৬৯ জনের শুনানী শেষে ১জন মেয়রসহ ২১ জন প্রার্থী বৈধতা পেয়েছেন। গতকাল প্রথম দিন শনিবার ৩ মেয়রসহ ২২ প্রার্থীর শুনানী অনুষ্ঠিত হয়। এর মধ্যে ১ জন মেয়র প্রার্থী ও ৪ জন কাউন্সিলর প্রার্থীকে বৈধ ঘোষণা করা হয়। এর মধ্যে ঢাকা উত্তরে বিএনপি নেতা আবদুল আউয়াল মিন্টু ও ঢাকা দক্ষিণে নাসিরউদ্দিন আহমেদ পিন্টুর আপিল আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ঢাকা বিভাগীয় কমিশনার তাদের আপিল আবেদন খারিজ করে রিটানিং অফিসার কর্তৃক প্রার্থিতা বাতিলের সিদ্ধন্ত বহাল রাখেন।
সিটি কর্পোরেশন নির্বাচনের তফসিল অনুসারে ১ ও ২ এপ্রিল প্রার্থীতা যাচাই-বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যাচাই-বাছাই অনুষ্ঠানে রিটার্নিং অফিসার যেসব প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেছেন তারা ৩ দিনের মধ্যে প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে ঢাকা বিভাগীয় কমিশনারের কাছে আপিল করতে পারবেন। আজ আপিলের সময়সীমা শেষ হয়। আগামী ২৮ এপ্রিল ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এসআরজে