তালিকায় না থাকলে প্রার্থিতা প্রত্যাহারের পরামর্শ আওয়ামী লীগের


প্রকাশিত: ০৭:৫০ পিএম, ০৫ এপ্রিল ২০১৫

ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে কাউন্সিলর পদে আওয়ামী লীগ থেকে দাঁড়ানো প্রার্থীদের তালিকা করেছে দলটি। সেইসঙ্গে দুই অংশের ৯৩টি ওয়ার্ডে তালিকায় ঠাঁই না পাওয়া অন্য কাউন্সিলর প্রার্থীদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ার জন্য পরামর্শ দিয়েছে দলটি।

রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে রবিবার রাতে অনুষ্ঠিত এক বৈঠকে এমন পরামর্শ দেওয়া হয়।

বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বলেন, ‘প্রতিটি ওয়ার্ডে দলের একক প্রার্থী নিশ্চিত করতে আলাপ-আলোচনা চলছে। আমরা এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নিইনি। তবে যাদের দল সমর্থন দিচ্ছে না তাদের মনোনয়ন প্রত্যাহারের পরামর্শ দেওয়া হয়েছে।’

বৈঠকে উপস্থিত একাধিক কাউন্সিল প্রার্থী জানান, বৈঠকের শুরুতে উপস্থিত ওয়ার্ড নেতাদের প্রার্থিতা প্রত্যাহারের কাগজ দেওয়া হয়।

এ সময় দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচার-প্রচারণা সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক বলেন, ‘দল যাকে সমর্থন করবে তার পক্ষে কাজ করতে হবে। আপনারা খাম নিয়ে যান। নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ফর্ম পূরণ করে জমা দেবেন।’

বৈঠক প্রসঙ্গে নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ বলেন, ‘আমরা একক কাউন্সিলর প্রার্থী নিশ্চিত করার চেষ্টা করছি। নির্বাচনী প্রচার-প্রচারণার বিষয়ে আলোচনা হয়েছে। দল সমর্থিত প্রার্থী ঘোষণা করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। নগর আওয়ামী লীগের বর্ধিত সভায় আমরা এ বিষয়ে আলোচনা করব।’

বৈঠকে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী, খাদ্যমন্ত্রী এ্যাডভোকেট কামরুল ইসলাম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী মির্জা আজম, ঢাকা সিটি করপোরেশন দক্ষিণের নির্বাচনী প্রচার-প্রচারণা সমন্বয়ক ড. আবদুর রাজ্জাক, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বাহাউদ্দিন নাছিম, শ্রম বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান, এস এম কামাল হোসেন, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, যুগ্ম-সাধারণ সম্পাদক হাজী মো. সেলিম প্রমুখ।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।