রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ২
রাজধানীর খিলগাঁওয়ের তিলপাপাড়া এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বাড়িওয়ালা ও ভাড়াটিয়াসহ দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন আনোয়ার হোসেন (৬০) ও আব্দুর রাজ্জাক (২০)। সোমবার সকাল ৬টায় এ ঘটনা ঘটে।
নিহত বাড়িওয়ালা আনোয়ার হোসেনের পরিবার সূত্রে জানায়, বৃষ্টিতে তাদের বাসার সামনে জমা পানিতে বিদ্যুতের তার এসে পড়ে। এ সময় আব্দুর রাজ্জাক ওই পানিতে নামলে তিনি বিদ্যুতায়িত হন। তাকে উদ্ধার করতে এসে আনোয়ার হোসেনও বিদ্যুতায়িত হন।
পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক সকাল সোয়া ৭টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশের ক্যাম্প ইনচার্জ সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সেন্টু চন্দ্র দাস।
এসএস/বিএ/এমএস