এইচএসসি পরীক্ষার্থীদের জন্য বিজিবির বিশেষ নিরাপত্তা
এইচএসসি পরীক্ষা উপলক্ষ্যে সারাদেশে পরীক্ষার্থীদের বিশেষ নিরাপত্তার জন্য বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শুধু এইচএসসি পরীক্ষার্থীদের নিরাপত্তায় নিয়োজিত রয়েছে ১২৪ প্লাটুন বিজিবি।
বিজিবি মোতায়েনের বিষয়টি নিশ্চিত করেন বিজিবি সদর দফতরের জনসংযোগ কর্মকর্তা মুহম্মদ মোহসিন রেজা।
তিনি জানান, ৬ এপ্রিল এইচএসসি পরীক্ষা চলাকালীন নিরাপত্তার জন্য ঢাকা শহরে ১৬ প্লাটুন বিজিবি সদস্য এবং ঢাকার বাইরে দেশের বিভিন্ন স্থানে ১০৮ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।
এছাড়া ঢাকার বাইরে সকাল থেকে ২৪ ঘন্টার জন্য দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৬৫ প্লাটুন এবং মহাসড়কের নিরাপত্তার দায়িত্বে ১১৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন থাকবে। বিশেষ প্রয়োজনে ৫৯ প্লাটুন বিজিবি সদস্য সারাদেশে মোতায়েনের জন্য প্রস্তুত থাকবে।
জেইউ/এআরএস/এমএস