সিএমপি কমিশনারকে নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ


প্রকাশিত: ০৪:২৮ এএম, ০৬ এপ্রিল ২০১৫

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার মোহা. আব্দুল জলিল মন্ডলকে ‘কথায় ও কাজে’ নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রোববার চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মো. আব্দুল বাতেন চিঠি দিয়ে নির্বাচন কমিশনের এ নির্দেশনার কথা সিএমপি কমিশনারকে জানিয়েছেন।

সিএমপি কমিশনার সম্প্রতি এক সভায় নগরবাসীর উদ্দেশ্যে বলেন, ‘যোগ্য প্রার্থী নির্বাচন করুন, না হয় আমাকে আবার ঝাড়ু হাতে নামতে হবে’। এরপর গত ৩১ মার্চ রিটার্নিং অফিসারের কাছে সিএমপি কমিশনারের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ করে চট্টগ্রাম উন্নয়ন আন্দোলন। সংগঠনটি এবার বিএনপি সমর্থিত এম মনজুর আলমকে মেয়র পদে প্রার্থী করেছে।

রিটার্নিং অফিসার মোহা. আব্দুল বাতেন বলেন, আমরা বিশ্বাস করতে চাই, সিএমপি কমিশনার সরল বিশ্বাসে কথাটি বলেছেন। এরপরও যেন তিনি কথায় ও কাজে নিরপেক্ষতা বজায় রাখেন, সেজন্য তাকে সতর্ক করা হয়েছে। অন্যথায় তাকে চট্টগ্রাম মহানগর থেকে সরিয়ে নেয়ার সুপারিশ করা হবে। সিএমপি কমিশনার সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে সম্প্রতি নগরীর বিভিন্ন থানা এলাকায় গিয়ে সভা করা শুরু করেন।

এসব সভায় প্রথম দিকে ভোটকেন্দ্র দখল কিংবা ব্যালট পেপার ছিনতাইয়ের বিরুদ্ধে হুঁশিয়ারি দেয়া হয়। এরপর আস্তে আস্তে সৎ ও যোগ্য প্রার্থী নির্বাচনের কথা বলতে শুরু করেন তিনি। পরবর্তীতে তার কিছু বক্তব্য গণমাধ্যমে এলে তা বিতর্কের সৃষ্টি করে। এ নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জমা হবার পর সিএমপি কমিশনার সব ধরনের সভা-সমাবেশের কর্মসূচি স্থগিত করেছেন।

বিএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।