আদেশের কপি হাতে পেলে ব্যবস্থা : জেল সুপার
মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা কামারুজ্জামানের ফাঁসির আদেশের কপি হাতে পেলে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার ফরমান আলী।
সোমবার সকাল সোয়া ১১টায় এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি এ কথা বলেন। তিনি জানান, কেন্দ্রীয় কারাগারের পক্ষ থেকে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তবে আমরা আদালতের আদেশের কপি এখনো হাতে পাইনি।
তিনি বলেন, ‘আগে আদেশের কপি হাতে পাই, এরপর ব্যবস্থা। আমাদের সব প্রস্তুতি সম্পন্ন রয়েছে।’ কারাগারের এক ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, ফাঁসির মঞ্চ তৈরি করা হয়েছে। একাধিক জল্লাদও প্রস্তুত।
উল্লেখ্য, সোমবার সকাল ৯টায় প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ মোহাম্মদ কামারুজ্জামানের রিভিউ আবেদন খারিজ করে মৃত্যুদণ্ড বহাল রাখেন।
গত ৫ মার্চ মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের সংশ্লিস্ট শাখায় রিভিউ আবেদন দায়ের করেন কামারুজ্জামানের আইনজীবীরা। ১৮ ফেব্রুয়ারি প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাসহ চার বিচারপতির স্বাক্ষর শেষে সর্বমোট ৫৭৭ পৃষ্ঠার রায়ের কপি প্রকাশ করা হয়।
গত বছরের ৩ নভেম্বর বর্তমান প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে কামারুজ্জামানের ফাঁসির আদেশ বহাল রেখে চূড়ান্ত রায় ঘোষণা করেন।
২০১৩ সালের ৯ মে মানবতাবিরোধী অপরাধের দায়ে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে মৃত্যুদণ্ড দেওয়ার রায় ঘোষণা করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
জেইউ/বিএ/পিআর