নিঃশর্ত ক্ষমা চাইলেন ঢাকা বিভাগীয় কমিশনার


প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১২ এপ্রিল ২০১৫

হাইকোর্টের তলবে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চাইলেন ঢাকা বিভাগীয় কমিশনার এবং ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আপিল কর্তৃপক্ষ মো. জিল্লার রহমান। দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে সংরক্ষিত নারী ওয়ার্ডের (১৯ নম্বর) প্রার্থী সুমাইয়া বেগমের মনোনয়নপত্র বাতিল হওয়ার প্রেক্ষিতে করা একটি রিট পিটিশনের ব্যাখ্যা চেয়ে তাকে আদালতে তলব করেন হাইকোর্টের একটি বেঞ্চ।

রোববার সকাল ১০টায় বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের বেঞ্চে হাজির হয়ে নিঃশর্ত ক্ষমা চান তিনি। এ সময় সুমাইয়া বেগমের মনোনয়নপত্রটি গ্রহণ করা হবে বলেও আদালতকে জানান মো. জিল্লার রহমান।

বৃহস্পতিবার সুমাইয়া বেগমের করা একটি রিট পিটিশনের প্রেক্ষিতে ব্যাখ্যা চেয়ে তাকে তলব করেন হাইকোর্ট। সংশ্লিষ্ট আদালতের ডেপুটি অ্যাটর্নি জেনারেল আমাতুল করিম সাংবাদিকদের জানান, তিনি এসে নিঃশর্ত ক্ষমা চেয়েছেন এবং ওই মনোনয়নপত্রটি গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

সুমাইয়া বেগমের পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট শাহজাহান এবং রাষ্ট্রপক্ষে পক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে হলফনামায় স্বাক্ষর না থাকায় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনের সংরক্ষিত নারী ওয়ার্ডের (১৯ নম্বর) প্রার্থী সুমাইয়া বেগমের মনোনয়নপত্র বাতিল করে দেন রিটার্নিং কর্মকর্তা।

এ ব্যাপারে ঢাকা বিভাগীয় কমিশনার ও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের আপিল কর্তৃপক্ষ বরাবর আপিল করেন সুমাইয়া বেগম। আপিল কর্তৃপক্ষ এ আবেদন খারিজ করে দিলে এর বিরুদ্ধে হাইকোর্টে রিট করেন তিনি।

বিএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।