কামরাঙ্গীরচর থেকে অপহৃত ব্যবসায়ী হাতিরঝিলে উদ্ধার
রাজধানীর কামরাঙ্গীরচর এলাকা থেকে মোহাম্মদ দেলওয়ার হোসেন (৩০) নামে অপহৃত এক ব্যক্তিকে হাতিরঝিল থেকে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার রাত সাড়ে ১১টার দিকে র্যাব-৩ তাকে উদ্ধার করে। দেলওয়ার হোসেন পেশায় সেলুন ব্যবসায়ী। তিনি গত ১৭ মার্চ অপহৃত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে র্যাব সদর দফতরের লিগ্যাল এন্ড মিডিয়া উইং এর সহকারি পরিচালক মাকসুদুল আলম বলেন, প্রতিদিনের ন্যায় র্যাব-৩ এর একটি টহল টিম হাতিরঝিলে পৌঁছালে চলন্ত সাদা একটি মাইক্রোবাস থেকে ওই ব্যক্তিকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়।
তিনি বলেন, ঘটনা বুঝে ওঠার আগেই মাইক্রোবাসটি ঘটনাস্থল থেকে অন্যত্র চলে যায়। গাড়িটিকে আটক করতে না পারলেও ঘটনাস্থল থেকে দেলওয়ার হোসেনকে উদ্ধার করা হয়।
পরবর্তীতে দেলওয়ার হোসেনের সঙ্গে কথা হলে জানান, কামরাঙ্গীরচর থেকে ১৭ মার্চ অপহৃত হয়েছিলেন তিনি।
এ বিষয়ে দেলওয়ার হোসেন জানান, গত ১৭ মার্চ রাত ১১টার দিকে এলাকার কয়েকজন সন্ত্রাসী তাকে বাসা থেকে ডেকে নিয়ে অপহরণ করে। এলাকার কিছু সন্ত্রাসী চাঁদার দাবিতে তাকে অপহরণ করে। এঘটনায় তার পরিবার কামরাঙ্গীরচর থানায় একটি অপহরণ মামলা করে।
জেইউ/এআরএস/এমএস