প্রধানমন্ত্রী দুঃখী মানুষের জন্য কাজ করে যাচ্ছেন : জয়
যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয় বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুঃখী মানুষের মুখে হাসি ফোটাতে এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছেন। রোববার বিকেলে মালয়েশিয়া আওয়ামী যুবলীগের উদ্যোগে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে তিনি এ কথা বলেন।
আরিফ খান জয় বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছিল ঠিক তখন জাতির পিতা বঙ্গবন্ধুকে হত্যা করা হয়। এরপর শেখ হাসিনার সরকার ক্ষমতায় এসে বাংলার দুঃখী মানুষের মুখে হাসি ফোটানোর শপথ নেন। দেশ এখন খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য প্রবাসে তুলে ধরে বিদেশে বাংলাদেশ সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টিতে প্রবাসী বাংলাদেশিরা ভূমিকা রেখে যাচ্ছেন। বর্তমান বিশ্বে বাংলাদেশ রোল মডেল হিসেবে প্রতিষ্ঠিত। তিনি প্রবাসী বাংলাদেশিদের নতুন প্রজন্মের মাঝে দেশীয় সংস্কৃতি ও ভাষা চর্চা অব্যাহত রাখার আহ্বান জানান।
মালয়েশিয়া যুবলীগের আহবায়ক মো. তাজকীর আহমেদের সভাপতিত্বে যুগ্ম আহ্বায়ক আবু হানিফ ও আওয়ামী লীগ নেতা শাখাওয়াত হক জোসেফের যৌথ পরিচালনায় এ অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন মালয়েশিয়া আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক মকবুল হোসেন মুকুল, অহিদুর রহমান ওহিদ, যুগ্ম আহ্বায়ক শাহীন সরদার, রাশেদ বাদল, মাহতাব খন্দকার, মুক্তিযোদ্বা শওকত হোসেন পান্না, আলমগীর হোসেন প্রমূখ।
এসএস/বিএ/এমএস