ভবিষ্যতে বিএনপির কোমরে এত জোর হবে না : প্রধানমন্ত্রী
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উদ্দেশ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উনাকে (খালেদা জিয়া) কোর্টে সারেন্ডার করতে হয়েছে। আবার ঘরেও ফিরেছেন। তাহলে ৯২ দিন পার্টি অফিসে ছিলেন কেন? আশা করি ভবিষ্যতে কোমরে আর এত জোর হবে না।
সোমবার সচিবালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠক শেষে বেলা সোয়া ১২টার দিকে মন্ত্রিসভার কক্ষ থেকে নাটোর ও ফেনী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কথা বলেন তিনি। ওই ভিডিও কনফারেন্সের শুরুতে ও শেষে দেওয়া বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
স্বাগত বক্তব্যে প্রধানমন্ত্রী আইন-শৃঙ্খলা বাহিনীকে নাশকতাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার নির্দেশ দেন প্রধানমন্ত্রী। এছাড়া ভিডিও কনফারেন্সে চট্টগ্রাম ও রাজশাহী বিভাগীয় কমিশনার অফিস, চাঁপাইনবাবগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া ও চাঁদপুর জেলা অফিসেও কথা বলেন তিনি।
কনফারেন্সকালে প্রধানমন্ত্রী আরও বলেন, যারা আগুনে মানুষ পুড়িয়ে মেরেছে, বাসে আগুন দিয়েছে তাদের বিরুদ্ধে অভিযান অব্যাহত রাখতে হবে। তাদের বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। যেন আর কেউ মানুষের ক্ষতি করতে না পারে।
তিনি আরও বলেন, বিএনপি সাধারণ মানুষকে কষ্ট দিয়েছে আওয়ামী লীগকে ক্ষমতা থেকে উৎখাত করবে বলে। জঘন্য কর্মকাণ্ড করেছে, কিন্তু আওয়ামী লীগ বহাল তবিয়তে আছে।
এসএ/আরএস/আরআই