নববর্ষ বরণে ঢাকায় আসছেন থাইল্যান্ডের মন্ত্রী
বাংলাদেশের জাতীয় উৎসব বর্ষবরণ। এটি এখন আর বাংলাদেশেই সীমাবদ্ধ নেই। প্রবাসীদের হাত ধরে পহেলা বৈশাখের আবেদন পৌঁছে গেছে বিশ্বময়। তারই প্রমাণ বয়ে আনছেন থাইল্যান্ডের সংস্কৃতি মন্ত্রী ভীরা রতপোজানারাত। বাঙালিয়ানা কৃষ্টি কালচারে মুগ্ধ এই মন্ত্রী বর্নাঢ্য পহেলা বৈশাখ উদযাপনে বাঙালির সাথে অংশ নিতে ঢাকায় আসছেন।
বিবিসির বরাতে জানা গেছে, সরকারের সংস্কৃতি বিষয়ক সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস জানান যে ঢাকায় পহেলা বৈশাখ উদযাপনে অংশ নেয়ার জন্য থাই সংস্কৃতি মন্ত্রী সোমবার রাতেই ঢাকায় এসে পৌঁছাবেন। এসময় তার সাথে থাকবে আট-সদসস্যের এক প্রতিনিধিদল।
ড. রণজিৎ কুমার বিশ্বাস জানান, পহেলা বৈশাখ ভোরবেলায় থাই মন্ত্রী বাংলাদেশের সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূরের সঙ্গে রমনার বটমূলে গিয়ে ছায়ানটের অনুষ্ঠান উপভোগ করবেন। এরপর তিনি চারুকলা ইনস্টিটিউট আয়োজিত মঙ্গল শোভাযাত্রাও দেখবেন।
কর্মকর্তারা বলছেন, গত ২৬শে মার্চ ব্যাঙ্ককে বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশ থেকে যাওয়া এক সাংস্কৃতিক দলের অনুষ্ঠান দেখে মি. রতপোজানারাত মুগ্ধ হন। সেখানেই বাংলা নববর্ষ সম্পর্কে জানার পর তিনি বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন।
বর্ষবরণ উৎসবের পাশাপাশি থাই মন্ত্রী একটি দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলেও জানা গেছে।
এলএ/আরআইপি