পরিস্থিতি ও অবকাঠামোগত সমস্যায় ব্যাহত হচ্ছে উদ্ধার কাজ
পরিস্থিতি ও অবকাঠামোগত সমস্যার কারণে দেবে যাওয়া ভবনের উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক এটিএম শাকিল নেওয়াজ খান। বুধবার রাত সাড়ে আটটার দিকে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
এর আগের বিকেল চারটার দিকে রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় দেবে যাওয়া দ্বিতল টিনসেড বাড়িটিতে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের কয়েকটি দল। বর্তমানে ৩ সদস্যের একটি ডুবরি দলসহ ফায়ার সার্ভিসের মোট ৯ ইউনিট উদ্ধার কাজ করেছে।
ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত মহাপরিচালক এটিএম শাকিল নেওয়াজ খান জানান, দেবে যাওয়া ভবনটি চারপাশে ডোবা, ডোবার পানিও ভালো না। এছাড়া ঘটনাস্থানে যাতায়াতের বেশ সমস্যা। আমরা সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছি। তবে পরিস্থিতি ও অবকাঠামোগত ত্রুটির কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে।
এছাড়া উদ্ধার কাজে ব্যবহারের জন্য অত্যাধুনিক চেইন আনা হয়েছে বলেও জানান তিনি।
উল্লেখ্য, বুধবার বিকেল পৌনে তিনটার দিকে রাজধানীর রামপুরার পূর্ব হাজীপাড়ার বৌবাজার এলাকায় একটি দ্বিতল টিনসেড বাড়ি দেবে গেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনের প্রাণহানির খবর পাওয়া গেছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। এছাড়া হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করছে উদ্ধাকারীরা।
## রাজধানীতে ভবন ধসে ১১ জনের প্রাণহানি
এসআই/আরএস