ইয়েমেন থেকে দেশে ফিরলেন আরও পাঁচজন
ইয়েমেনের রাজধানী সানা থেকে ভারতীয় বিমান জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটের মাধ্যমে উদ্ধারকৃত পাঁচ বাংলাদেশি নাগরিক ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছেছেন।
বুধবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারী সচিব গৌতম কুমার দে বিমানবন্দরে তাদের স্বাগত জানান। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়েছে। প্রত্যাগতদের বিমান ভাড়া দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।
এর আগে ১০ এপ্রিল ইয়েমেন থেকে ১৮০ বাংলাদেশিকে উদ্ধার করে ভারতীয় নৌবাহিনী। ইয়েমেনে রাজনৈতিক অস্থিরতা ও সহিংসতার মধ্যে অবরুদ্ধ হয়ে আটকে পড়ে প্রায় ছয় হাজার প্রবাসী বাংলাদেশি।
উল্লেখ্য, শিয়াপন্থি হুথি বিদ্রোহীদের দমনের জন্য সৌদি আরবের নেতৃত্বে সুন্নি প্রধান কয়েকটি দেশ ইয়েমেনে সামরিক অভিযান চালাচ্ছে। দেশটিতে বাংলাদেশের কোনো দূতাবাস নেই।
বিএ/আরএস