পুরান ঢাকায় ডাকাত সরদারসহ গ্রেফতার ৫
রাজধানীর পুরান ঢাকায় অভিযান চালিয়ে দুই শীর্ষ সন্ত্রাসী ডাকাত দলনেতা ও তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। বুধবার ভোরে যাত্রাবাড়ী ও কোতয়ালী থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হচ্ছেন সাগর হোসেন ওরফে জুলহাস (২৪) এবং আলামিন ওরফে আকাশ (২৩)। বুধবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও রিলেসন্স বিভাগ থেকে প্রেরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে একটি অস্ত্র, আট রাউন্ড গুলি, দু`টি ম্যাগজিন ও একটি চাঁপাতি উদ্ধার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাগর নিজেকে পুরান ঢাকার নব্য গঠিত ডাকাত সাগর গ্রুপের দলনেতা হিসেবে স্বীকার করেছেন। তার বিরুদ্ধে হত্যা, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি প্রভৃতি অপরাধে জড়িত সন্দেহে আটটি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত অস্ত্রব্যবসায়ীরা হলেন মো. এমদাদ হোসেন (৩৬), মো. দেলোয়ার হোসেন (২৪) ও মো. চাঁন মিয়া (৪৫)। তাদের কাছ থেকে তিনটি বিদেশি আগ্নেয়াস্ত্র, ২০ রাউন্ড গুলি ও একটি চাঁপাতি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে যাত্রাবাড়ী এবং কোতোয়ালী থানায় আরে তিনটি মামলা দায়ের করা হয়েছে। গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ (দক্ষিণ)-এর উপ-পুলিশ কমিশনার কৃষ্ণপদ রায়ের নির্দেশনায় অভিযানটি পরিচালিত হয়।
এআর/বিএ/এমএস