তিন সিটি নির্বাচনে ৪৭৪ ম্যাজিস্ট্রেট
ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃংখলা রক্ষায় ৪৭৪ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। এদের মধ্যে ৪৪৪ জন্য নির্বাহী ও ৩০ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট। বিভিন্ন অপরাধ আমলে নেয়া ও সংক্ষিপ্ত বিচার করা, আচরণবিধি লঙ্ঘন রোধ ও মোবাইল কোর্ট পরিচালনার জন্য তারা ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত নির্বাচনী এলাকায় দায়িত্ব পালন থাকবেন।
জানা যায়, সিটি নির্বাচনে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিয়োগের জন্য নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব অন্তরা ঘোষ স্বাক্ষরিত একটি চিঠি মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। গত ২৩ মার্চ ইসি জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োগ দেয়। এ মর্মে গেজেট প্রকাশের জন্য বিজিপ্রেসে চিঠি পাঠান ইসি সচিবালয়ের এই কর্মকর্তা।
এই তিন সিটি কর্পোরেশন নির্বাচনে বিগত সময়ে অনুষ্ঠিত গাজীপুর, নারায়ণগঞ্জ, বরিশাল, সিলেট, রাজশাহী ও খুলনা সিটি কর্পোরেশন নির্বাচনের তুলনায় প্রায় ১০ গুণ বেশি ম্যাজিস্ট্রেট নিয়োগ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোটারের সংখ্যা বেশি হওয়ায় এবং নির্বাচনে নিরাপত্তা নিশ্চিত করতেই ইসি এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।
ম্যাজিস্ট্রেটরা ভোটগ্রহণের আগের দুই দিন, ভোটগ্রহণের দিন ও পরের দিন অর্থাৎ ২৬ এপ্রিল থেকে ২৯ এপ্রিল পর্যন্ত দায়িত্ব পালন করবেন।
এছাড়া তিন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসারের সঙ্গেও একজন করে নির্বাহী ম্যাজিস্ট্রেট সার্বক্ষণিক দায়িত্ব পালন করবেন বলে নির্বাচন কমিশনের (ইসি) সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
ইসি সূত্র জানায়, গাজীপুর, নারায়ণগঞ্জ, খুলনা, রাজশাহী বরিশাল ও সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে ১০৪ জন ম্যাজিস্ট্রেট নির্বাচনী মাঠে দায়িত্ব পালন করেন। এদের মধ্যে ৬৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ৩৫ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ছিলেন।
বিগত ৬ সিটি নির্বাচনে ১০৪ জন ম্যাজিস্ট্রেটের মধ্যে প্রতি সিটিতে ১৭ জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করেছেন। অথচ ঢাকা উত্তর, দক্ষিণ ও চট্টগ্রাম সিটিতে ১৫৮ জন করে ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবে।
ইসি সূত্র জানায়, ঢাকা উত্তর সিটিতে ১৪৩ জন নির্বাহী ও ৯ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, দক্ষিণ সিটিতে ১৬৪ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ১৪ জন জুডিসিয়াল এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনে ১৩৪ জন নির্বাহী ও ৭ জন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন।
প্রতি ৪ ওয়ার্ডে একজন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন। এছাড়া প্রতি ওয়ার্ডে গড়ে প্রায় ৪ জন নির্বাহী মাজিস্ট্রেট আইনশৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকবেন।
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ভোটার সংখ্যা ২৩ লাখ ৯৮ হাজার ৪৩২, দক্ষিণে ১৮ লাখ ৯০ হাজার ৯৫১ এবং চট্টগ্রামে ১৮ লাখ ২২ হাজার ৮৯২ জন।
ইসি সূত্র আরও জানায়, তিন সিটির নিরাপত্তায় ম্যাজিস্ট্রেটের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ৬৫ হাজারের মতো সদস্য নিয়োজিত থাকবেন। এছাড়া তিন সিটিতে ৩ ব্যাটালিয়ন সেনাবাহিনীও স্ট্রাইকিং ফোর্স হিসেবে থাকবে। তাদের সঙ্গে দায়িত্ব পালন করবেন জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট।
কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৮ এপ্রিল তিনি সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
আরএস/আরআইপি