মানবতাবিরোধী অপরাধ : মাহিদুর ও চুটুর রায় যে কোন দিন
মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে যে কোন দিন রায় (সিএভি) ঘোষণার জন্য রাখা হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেল এ আদেশ দেয়।
বুধবার চাঁপাইনবাবগঞ্জে মাহিদুর ও চুটুর পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তাদের আইনজীবী আব্দুস সোবহান তরফদার। এর আগে গত ১৫ ও ২০ এপ্রিল মাহিদুর ও চুটুর বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন করেন প্রসিকিউটর সাহিদুর রহমান। এটি ট্রাইব্যুনালে ১৯তম মামলা যা বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার পর্যায়ে পৌঁছল।
এর আগে গত ২০ এপ্রিল ব্রাহ্মণবাড়িয়ার রাজাকার পলাতক সৈয়দ মো. হাসান আলী ওরফে হাছেন আলীর বিরুদ্ধে মামলায় যুক্তিতর্ক উপস্থাপন শেষে যে কোন দিন রায় ঘোষণার (সিএভি) জন্য রাখা হয়েছে। ট্রাইব্যুনাল-১এর চেয়ারম্যান বিচারপতি এম ইনায়েতুর রহিমের নেতৃত্বে তিন সদস্যের বিচারিক প্যানেলে এ আদেশ দেয়। এটি হলো ট্রাইব্যুনালে ১৮তম মামলা যা বিচারিক কার্যক্রম শেষে রায় ঘোষণার পর্যায়ে পৌঁছল।
এর আগে পৃথক দুটি ট্রাইব্যুনালে আরও ১৭ মামলার রায় ঘোষণা করা হয়েছে। বিচারিক কার্যক্রম শেষে ট্রাইব্যুনাল-১এ ৮টি ও ট্রাইব্যুনাল-২ এ ৯টি মামলার রায় ঘোষণা করা হয়। পৃথক দুই ট্রাইব্যুনালে এখন আরও দুই মামলা রায়ের জন্য অপেক্ষমান রাখা হলো।
গত ২৭ জানুয়ারি থেকে ৭ এপ্রিল পর্যন্ত মাহিদুর ও আফসারের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছেন মামলার তদন্ত কর্মকর্তা (আইও) জেডএম আলতাফুর রহমানসহ প্রসিকিউশনের মোট ১০ জন সাক্ষী। তবে মাহিদুর ও আফসারের পক্ষে কোনো সাফাই সাক্ষী ছিলেন না। মানবতাবিরোধী অপরাধের মামলায় এ দুই আসামি বর্তমানে কারাগারে রয়েছে।
আরএস/আরআই