আনসারুল্লাহ বাংলার নতুন টার্গেট তসলিমা নাসরিন!
ব্লগার অভিজিত রায় ও ওয়াশিকুর রহমানের পর বাংলাদেশের সন্ত্রাসবাদীরা এবার তাঁকে হত্যার ছক কষছে বলে দাবি করলেন বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন।
একটি ভারতীয় সংবাদপত্রকে দেওয়া সাক্ষাত্কারে তিনি জানিয়েছেন, অভিজিত, ওয়াশিকুরের খুনে জড়িত আনসারুল্লাহ বাংলা গোষ্ঠীর সদস্যদের হিটলিস্টে রয়েছেন তিনি। বলেছেন, আনসারুল্লাহ বাংলা বাহিনী এতটাই বেপরোয়া যে, খুনের টার্গেটের ওপর হামলা করার আগে তারা অনলাইনে তাঁকে হুমকি দিচ্ছে, কুত্সা করছে। অভিজিত, ওয়াশিকুরকে হত্যার আগে ওরা তাই করেছে। এখন আমার নামেও অনলাইনে ঘৃণা, বিদ্বেষ ছড়ানো কথাবার্তা বলছে। এতে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে বলে স্বীকার করেও তসলিমা দৃপ্ত কণ্ঠে বলেছেন, যতদিন বেঁচে থাকব, আমাকে চুপ করানো যাবে না, কণ্ঠ রুদ্ধ করা যাবে না আমার।
এদিকে গোয়েন্দা সূত্রকে উদ্ধৃত করে ওই সংবাদপত্রে প্রকাশিত রিপোর্টে তসলিমারকে কট্টরপন্থী মৌলবাদীদের মেরে ফেলার প্ল্যানের কথা কার্যত স্বীকার করা হয়েছে। বলা হয়েছে, ওরা তসলিমাকে নিশানা করেছে কিছুদিন হল। রিপোর্টে এও বলা হয়েছে যে, ফেসবুকে তসলিমাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর পরই ওয়াশিকুর রহমানকে আক্রান্ত হতে হয়েছিল।
চলতি মাসের প্রথমদিকে ঢাকার একটি সংবাদপত্রের এক প্রতিবেদনেও দাবি করা হয়, ওয়াশিকুরের ঘাতকরা স্বীকার করেছে যে, দিল্লিতে তসলিমাকে খুনের উদ্দেশ্য নিয়ে আনসারুল্লাহ বাংলার সদস্যরা পশ্চিমবঙ্গে ঢুকছে।
এদিকে, প্রাণনাশের আশঙ্কার পরিপ্রেক্ষিতে গত ১৯ এপ্রিল তসলিমা টুইটারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করার প্রার্থনা জানিয়েছেন। তিনি লিখেছেন, মোদীজী, আপনার সঙ্গে দেখা করতে মরিয়া আমি। আপনি কি অনুগ্রহ করে আমার অনুরোধ রাখবেন?
এএ