অবৈধ বিলবোর্ড সরানোর সুপারিশ সংসদীয় কমিটির
বাংলাদেশ রেলওয়ের জায়গা থেকে অবৈধ বিলবোর্ড সরানোর সুপারিশ করেছে সংসদীয় কমিটি। আর রেলওয়ের জমিতে অবৈধ বিলবোর্ড স্থাপনে সাহায্যকারী কর্মকর্তা-কর্মচারীদেরও শাস্তির আওতায় আনার সুপারিশ করা হয়।
বুধবার সংসদ ভবনে অনুষ্ঠিত রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১১তম বৈঠকে এ সুপারিশ করা হয়। কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী বৈঠকে সভাপতিত্ব করেন। বৈঠকে কমিটি সদস্য রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী মো. মুজিবুল হক, মো. মোসলেম উদ্দীন, খালিদ মাহমুদ চৌধুরী, মুহাম্মদ মিজানুর রহমান, মোহাম্মদ নোমান এবং ইয়াসিন আলী অংশ নেন।
বৈঠক শেষে কমিটির সভাপতি এবিএম ফজলে করিম চৌধুরী জাগো নিউজকে বলেন, রেলওয়ের জমিতে অনেক অবৈধ বিলবোর্ড রয়েছে। সারাদেশেই এমন ঘটনার সত্যতা পেয়েছে সংসদীয় কমিটি। রেলওয়ের কতিপয় অসাধু কর্মকর্তা-কর্মচারী এ ঘটনার সঙ্গে জড়িত। এসব বিলবোর্ড অপসারণ করে জড়িতদের শাস্তির সুপারিশ করেছে কমিটি।
সূত্র জানায়, বৈঠকে রেলওয়ের জায়গায় বৈধ এবং অবৈধ বিলবোর্ডের সংখ্যা এবং অনুমোদিত বিলবোর্ড বাবদ আয় সম্পর্কে আলোচনা হয়। এছাড়া সরকারি নীতিমালা অনুযায়ী রেলওয়ের চলমান টেন্ডার সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে কমিটি বাংলাদেশে বিভিন্ন রেলের নির্দিষ্ট রং ও ডিজাইন নির্ধারণ করার সুপারিশ করে কমিটি।
কমিটি বেসরকারি ট্রেনগুলোকে এমনভাবে চুক্তিবদ্ধ করার সুপারিশ করেন যাতে মন্ত্রণালয়কে ভর্তুকি না দিতে হয়। মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন বিলবোর্ডের জন্য একটি নীতিমালা এবং অবৈধ বিলবোর্ড উচ্ছেদের জন্য কমিটি সুপারিশ করে।
বৈঠকে রেলপথ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এইচএস/বিএ/আরআই