নারায়ণগঞ্জে বাস চাপায় শ্রমিক নিহত
নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার তিনগাঁও এলাকায় বাসের চাপায় মতিন মিয়া (৩০) নামে পোশাক কারখানার এক শ্রমিক নিহত হয়েছেন।
বুধবার সকাল ৯টার দিকে ঘটে এ দুর্ঘটনা। এ ঘটনায় উত্তেজিত শ্রমিক ও এলাকার লোকজন ঘাতক বাসটিকে আটক করে ভাঙচুর করে এবং গোলাকান্দাইল আড়াইহাজার সড়কে অবস্থান করেন।
নিহত মতিন মিয়া আড়াইহাজার উপজেলার মনোহরদী এলাকার কাশেম মিয়ার ছেলে। তিনি স্থানীয় ফকির ফ্যাশন নামের এক পোশাক কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়াইহাজার উপজেলার মনোহরদী এলাকা থেকে রূপগঞ্জ উপজেলার ডহরগাঁও এলাকার ফকির ফ্যাশন নামে পোশাক কারখানায় (কর্মস্থলে) সাইকেলযোগে যাচ্ছিলেন শ্রমিক মতিন মিয়া। তিনি গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কের তিনগাঁও এলাকায় পৌঁছালে দ্রুতগামী একটি বাস (ঢাকা মেট্রো জ ১১-১৭২১) মতিন মিয়াকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
শ্রমিক মতিন নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত এলাকাবাসী ও শ্রমিকরা ঘাতক বাসটি আটক করে ভাঙচুর করে। পরে গোলাকান্দাইল-আড়াইহাজার সড়কে অবস্থান নেয় তারা। প্রায় ২ ঘণ্টা অবস্থানের কারণে সড়কের উভয় দিকের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আড়াইহাজার থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) কামরুজ্জামান।
এসএস/এমএএস/আরআইপি