‘ব্যাংক ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনা খতিয়ে দেখা হচ্ছে’
সাভারের আশুলিয়ায় বাংলাদেশ কমার্স ব্যাংকে ডাকাতি ও হত্যাকাণ্ডের ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
বুধবার বিকেলে সাভারের আশুলিয়ার কাঠগড়া বাজার এলাকার বাংলাদেশ কমার্স ব্যাংক কাঠগড়া শাখায় ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, অন্যান্য ডাকাতির ঘটনা থেকে এটি ভিন্নতর। খুব শিগগিরই এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন হবে।
আটক ডাকাত বোরহান উদ্দিনের বাসা থেকে জিহাদী বই উদ্ধার হওয়ায় পুলিশ বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করে দেখছে বলেও জানান তিনি।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, নিহতদের যথাযথ ক্ষতিপূরণসহ আহতদের সুচিকিৎসা নিশ্চিত করা হবে। মন্ত্রী এলাকাবাসীকে সাহসিকতার সঙ্গে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান।
এ সময় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পুলিশের আইজি এ কে এম শহীদুল ইসলাম, ডিআইজি নূরুজ্জামানসহ পুলিশের ঊর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ব্যাংক পরিদর্শন শেষে প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাভারের এনাম মেডিকেল কলেজে ডাকাতির ঘটনায় আহতদের দেখতে যান।
একে/আরআইপি