খালেদার নাইকো দুর্নীতি মামলার শুনানি বুধবার পর্যন্ত মুলতবি


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ২৩ এপ্রিল ২০১৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি সংক্রান্ত মামলা নিয়ে জারি করা রুলের শুনানি আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে।

বিচারপতি মো. নুরুজ্জামান ও বিচারপতি জাফর আহমেদ সমন্বয়ে গঠিত হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের মতো শুনানি হয়। মামলার কার্যক্রম আগামী বুধবার পর্যন্ত মুলতবি করা হয়েছে। দুদকের পক্ষে আইনজীবী খুরশীদ আলম খান এ কথা জানান।

২০০৭ ও ২০০৮ সালে তত্ত্বাবাধয়ক সরকারের সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি সংক্রান্ত তিনটি মামলা দায়ের করা হয়। উচ্চ আদালতের স্থগিতাদেশে মামলাগুলোর বিচারিক কার্যক্রম আটকে যাওয়ার দীর্ঘদিন পর সম্প্রতি মামলাগুলো সচলের উদ্যোগ নেয় দুর্নীতি দমন কমিশন (দুদক)।

২০০৭ সালের ৯ ডিসেম্বর তেজগাঁও থানায় নাইকো দুর্নীতি সংক্রান্ত মামলাটি দায়ের করা হয়। পরের বছর ৫ মে খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় দুদক। এক আবেদনের প্রেক্ষিতে ২০০৮ সালের ৯ জুলাই খালেদা জিয়ার বিরুদ্ধে নাইকো দুর্নীতি মামলার কার্যক্রম স্থগিত করে হাইকোর্ট। একই সঙ্গে মামলা বাতিল প্রশ্নে জারি করা হয় রুল।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।