মালয়েশিয়ায় এসিএলপির নতুন যাত্রা
প্রবাসী বাংলাদেশিদের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন মালয়েশিয়া বাংলাদেশ ফোরাম অ্যাসোসিয়েশন (এমবিএফএ)-এর অঙ্গ প্রতিষ্ঠান আর্ট, কালচার অ্যান্ড ল্যাংগুয়েজ প্রোগ্রাম (এসিএলপি)-এর কার্যক্রম ফের শুরু হয়েছে।
এ উপলক্ষে রোববার (১০ মে) এক জাঁকজমকপূর্ণ উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী।
অনুষ্ঠানে এমবিএফএর সদস্য, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও প্রবাসী বাংলাদেশি কমিউনিটির সদস্যরা অংশ নেন। এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ হাইকমিশনের কাউন্সেলর (রাজনৈতিক) ও হেড অব চ্যান্সারি (এইচওসি) প্রণব কুমার ভট্টাচার্য।

উদ্বোধনী অনুষ্ঠানে হাইকমিশনার মঞ্জুরুল করিম খান চৌধুরী বিদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের মাঝে বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতি চর্চার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন।
তিনি বলেন, প্রবাসে জন্ম নেওয়া ও বেড়ে ওঠা শিশুদের মধ্যে মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি এমবিএফএ-এর উদ্যোগের প্রশংসা করে বলেন, এসিএলপি ভবিষ্যৎ প্রজন্মের কাছে বাংলাদেশের ঐতিহ্য, ভাষা ও সংস্কৃতি পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একইসঙ্গে তিনি এ ধরনের কার্যক্রম নিয়মিত ও আরও বিস্তৃত পরিসরে পরিচালনার আহ্বান জানান।
অনুষ্ঠানে বাংলা ভাষা শিক্ষা, শিল্পচর্চা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডভিত্তিক বিভিন্ন পরিকল্পনা তুলে ধরা হয়। এমবিএফএ-এর সভাপতি প্রফেসর ড. জাহাঙ্গীর আলম বলেন, প্রবাসে বেড়ে ওঠা শিশুদের জন্য একটি সুন্দর সাংস্কৃতিক ও শিক্ষামূলক প্ল্যাটফর্ম গড়ে তুলতে এসিএলপি কাজ করবে।

তিনি জানান, শিশু-কিশোরদের বাংলা ভাষা শেখানো, সাংস্কৃতিক মূল্যবোধের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া এবং শিল্প-সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হবে। এর মাধ্যমে নতুন প্রজন্মের মাঝে বাংলাদেশের ঐতিহ্য ও সংস্কৃতির বন্ধন আরও দৃঢ় হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন এমবিএফএ-এর সহ-সভাপতি শহিদুল হাসান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সদস্য ফরহাদ হোসেন ও ফরিদুজ্জামান মারুফ।
এমবিএফএ-এর নির্বাহী কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত অতিথি, অভিভাবক ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা এসিএলপি-এর কার্যক্রমকে আরও সমৃদ্ধ করতে সবার সহযোগিতা কামনা করেন।

এ সময় এসিএলপি নিয়ে নিরলসভাবে কাজ করার জন্য এমবিএফএ-এর নির্বাহী কমিটির সদস্য মাহফুজ কায়সার অপুকেও বিশেষ ধন্যবাদ জানানো হয়।
প্রবাসী বাংলাদেশিদের মতে, এসিএলপি-এর কার্যক্রম পুনরায় শুরু হওয়া মালয়েশিয়ায় বসবাসরত বাংলাদেশি কমিউনিটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। এর মাধ্যমে বাংলা ভাষা, শিল্প ও সংস্কৃতির বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে।
বিশেষ করে প্রবাসে বেড়ে ওঠা শিশু-কিশোরদের মধ্যে মাতৃভাষা ও সাংস্কৃতিক পরিচয় ধরে রাখতে এ উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন অভিভাবক ও কমিউনিটির সদস্যরা।
এমআরএম