দেশের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ প্রধানমন্ত্রীর
দ্বিতীয় আফ্রো-এশিয়ান শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইন্দোনেশিয়ায় তিনদিনের সরকারি সফর শেষে দেশের উদ্দেশ্যে জাকার্তা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় প্রধানমন্ত্রী এবং তাঁর সফর সঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ভিভিআইপি ফ্লাইট স্থানীয় জাকার্তার সুকর্ন হাত্তা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। ইন্দোনেশিয়ার ধর্মমন্ত্রী লোকমান হাকিম বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। এর আগে প্রধানমন্ত্রীকে গার্ড অব অনার প্রদান করা হয়।
ইন্দোনেশিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত নাজমুল কুইয়ানি এবং বাংলাদেশে নিযুক্ত ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত উইরান্তা আমাজা বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান। প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের ফ্লাইটটি রাত ১১টায় ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছবে।
তিনদিনব্যাপী এই শীর্ষ সম্মেলন বুধবার ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় বালাই সিডাং জাকার্তা কনভেনশন সেন্টারে শুরু হয়। এ বছরের শীর্ষ সম্মেলনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে ‘বিশ্ব শান্তি ও সমৃদ্ধি অর্জনে সাউথ-সাউথ সহযোগিতা জোরদার করা।’
তিনদিনব্যাপী এই সম্মেলনের উদ্দেশ্য হচ্ছে সাউথ-সাউথ সহযোগিতার মাধ্যমে এশিয়া ও আফ্রিকার অভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলায় অভিজ্ঞতা বিনিময়ে অংশীদারিত্ব জোরদার এবং কৌশল নিয়ে আলোচনা ও অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করা।
একে/আরআইপি