ইসি’র নির্দেশে খুলশী থানার ওসির বদলি
আওয়ামী লীগের এক ওয়ার্ড কাউন্সিলর প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগে নির্বাচন কমিশনের নির্দেশে নগরীর খুলশী থানা পুলিশের ওসি মঈনুল ইসলাম ভূঁইয়াকে বদলি করা হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রাম পুলিশ কমিশনার মো.আবদুল জলিল মণ্ডল তাকে বদলির আদেশ দিয়েছেন।
১১ এপ্রিল জামায়াত সমর্থিত বর্তমান কাউন্সিলর মাহফুুজুল ইসলামের স্ত্রী ও সমর্থকদের প্রচারণায় হামলা এরপর গত ১৬ এপ্রিল আরেক দফা হামলায় আহত হন মাহফুজুলের স্ত্রীসহ কয়েকজন সমর্থক। ২১ এপ্রিল খুলশী থানার পলিটেকনিক এলাকায় এম মনজুর আলমের প্রচারণায় হামলা চালায় ছাত্রলীগের কর্মীরা। এ ঘটনায় ওসি তাৎক্ষণিক কোনো ব্যবস্থা নিতে তাতেও ব্যর্থ হন। এসব হামলায় আওয়ামী লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী মোহাম্মদ হোসেন হিরণের সমর্থকরা জড়িত বলে রিটার্নিং অফিসারের কাছে দেয়া চিঠিতে অভিযোগ করেন মাহফুজুল সমর্থকরা।
অভিযোগ আমলে নিয়ে রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে খুলশী থানার ওসি’র কাছে টেলিফোনে এ ব্যাপারে গৃহীত ব্যবস্থা সম্পর্কে জানতে চাওয়া হয়। তিনদিনের মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে রিটার্নিং অফিসারের কাছে প্রতিবেদন দাখিলেরও নির্দেশ দেয়া হয়েছিল। আর গৃহীত ব্যবস্থা সম্পর্কে কোনো প্রতিবেদন না দিয়ে নির্বাচন কমিশনের নির্দেশও অমান্য করেন ওসি। সার্বিক বিষয় বিবেচনা করে সিএমপি কমিশনারকে ২৪ ঘণ্টার মধ্যে তাকে বদলির নির্দেশ দেন রিটার্নিং অফিসার।
খুলশী থানার ওসি মঈনুল ইসলাম ভূঁইয়াকে গোয়েন্দা বিভাগে তার স্থলে খুলশী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) সুকান্ত চক্রবর্তীকে ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেওয়া হয়েছে বলে নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ কমিশনার এস এম তানভির আরাফাত জানান।
এমএএস/আরআইপি