বৈধ আগ্নেয়াস্ত্রে ৭ দিনের নিষেধাজ্ঞা


প্রকাশিত: ০৪:৩৪ এএম, ২৪ এপ্রিল ২০১৫

ঢাকা ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনকে কেন্দ্র করে লাইসেন্স করা বৈধ আগ্নেয়াস্ত্রের ওপর সাত দিনের জন্য নিষেধাজ্ঞা জারি করছে সরকার। শনিবার (২৫ এপ্রিল) ভোর ৬টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হবে, চলবে ১ মে রাত ১২টা পর্যন্ত।

বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব হাবিবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ নিষেধাজ্ঞা জারি করা হয়।

লাইসেন্সধারী অস্ত্র মালিকদের ২৫ এপ্রিল থেকে ১ মে পর্যন্ত সব ধরনের আগ্নেয়াস্ত্রসহ চলাফেরা ও প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষার সঙ্গে সংশ্লিষ্ট বাহিনীর ও বিভিন্ন দপ্তরের নিরাপত্তা প্রহরীদের জন্য এ আদেশ প্রযোজ্য হবে না।

আদেশে আরো বলা হয়, ঢাকা উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখার স্বার্থে এবং সারা দেশে লাইসেন্স করা আগ্নেয়াস্ত্রের অপব্যবহার রোধ করতে আর্মস অ্যাক্ট-১৮৭৮-এর ধারা ১৭(১) অনুযায়ী এ আদেশ জারি করা হয়েছে।

এএইচ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।