খালেদার গাড়িবহরে হামলা : তদন্তে পুলিশের অনিহা!


প্রকাশিত: ১২:০১ পিএম, ২৯ এপ্রিল ২০১৫

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার ঘটনায় করা পাল্টাপাল্টি মামলার তদন্তে অনাগ্রহ দেখাচ্ছে পুলিশ। ঘটনার পর রাজধানীর দুই থানায় বিএনপির পক্ষে মামলা দায়েরের সপ্তাহ অতিবাহিত হলেও এর অগ্রগতি সম্পর্কে পুলিশের ঊর্ধ্বতন মহলের কর্মকর্তারা কার্যত নিরব রয়েছেন। এছাড়া পুলিশের পক্ষ থেকে টেলিভিশনের ফুটেজ দেখে তদন্তের দাবি করা হলেও আসামীদের সনাক্তের কাজও আদৌও শুরু হয়নি।

অপরদিকে, সড়কপথ দখল করে অবৈধভাবে সমাবেশ এবং ভাংচুর চালানোর দায়ে তেজগাঁও থানায় বিএনপি সমর্থকদের বিরুদ্ধে পাল্টা মামলা করে ছাত্রলীগ। এ মামলারও তদন্তে আগ্রহ নেই পুলিশের।

জানা গেছে, সিটি নির্বাচন উপলক্ষে গত ২৩, ২৪ ও ২৫ এপ্রিল বিএনপি সমর্থিত প্রার্থীদের পক্ষে নির্বাচনী প্রচারে নামেন দলের চেয়ারপারসন খালেদা জিয়া। এসময় রাজধানীর কারওয়ান বাজার, পল্টন এবং বাংলামটরে খালেদার গাড়িবহরে হামলার চালায় অজ্ঞাতরা। ভাংচুর চালানো হয় খালেদার গাড়িতেও। পরে এ ঘটনায় দলের পক্ষ থেকে রাজধানীর তেজগাঁও এবং রমনা থানায় দুটি মামলা করা হয়।

মামলার অগ্রগতির বিষয়ে রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি তদন্ত অফিসার জুয়েলের সঙ্গে যোগাযোগের জন্য জানান।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জুয়েল মিয়া জাগো নিউজকে জানান, মামলার কার্যক্রম তদন্তাধীন। টেলিভিশনের ফুটেজ দেখে অজ্ঞাত আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে। হামলার সময় অস্ত্রবহনকারী সালেহ আহমেদ হৃদয় নামের ছাত্রলীগের এক সাবেক কর্মীর ছবি বিভিন্ন গণমাধ্যম প্রকাশের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, তাকেও গ্রেফতারের চেষ্টা চলছে।

তবে নাম প্রকাশে অনিচ্ছুক পুলিশের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জাগো নিউজকে বলেন, এসব মামলা রাজনৈতিক কারণে দায়ের করা হয়। এ ধরণের মামলা তদন্তে পুলিশ কম গুরুত্ব দেয়।

কারওয়ান বাজার হামলার ঘটনায় ২১ এপ্রিল সকালে তেজগাঁও থানায় একটি মামলা করা হয়। এ মামলার তদন্তেও থানার কোন কর্মকর্তার তৎপরতা লক্ষ্য করা যায়নি।

তবে পুলিশের তেজগাঁও বিভাগের উপ-কমিশনার (ডিসি) বিপ্লব কুমার সরকার জাগো নিউজকে বললেন, তদন্ত কর্মকর্তা সুষ্ঠুভাবে কাজ চালাচ্ছে। ঘটনার সঙ্গে জড়িত অনেককে সনাক্ত করা হয়েছে। তবে অভিযান চালিয়ে তাদের ধরা যায়নি। আশা করছি তাদের দ্রুত গ্রেফতার করা সম্ভব হবে।

তদন্তে ধীরগতি ও পুলিশের অনাগ্রহ প্রসঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য লেঃ জেনারেল (অবঃ) মাহবুবুর রহমান জাগো নিউজকে বলেন, নির্বাচন কমিশনের উচিত ছিল পুলিশকে ঘটনাটি তদন্তের কঠোরভাবে নির্দেশ দেয়া।

জেইউ,এআর/এএইচ/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।