মেডিকেল কলেজগুলোর কাজ করতে চায় চীনা ঠিকাদার


প্রকাশিত: ১২:০৮ পিএম, ২৯ এপ্রিল ২০১৫
ফাইল ফটো

দেশের নতুন দুইটি মেডিকেল বিশ্ববিদ্যালয় এবং ৬টি মেডিকেল কলেজ নির্মাণ, ভৌত অবকাঠামোগত এবং যন্ত্রপাতি স্থাপনে চীনা বেসরকারি প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্ট, সিনোম্যাক আগ্রহ প্রকাশ করেছে। বুধবার সচিবালয়ে কোম্পানির মহাব্যবস্থাপক শি উয়েঝো এর নেতৃত্বে চার সদস্যের একটি প্রতিনিধি দল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম-এর সঙ্গে সাক্ষাতকালে এই আগ্রহের কথা জানান।

চীনা কোম্পানী এক্ষেত্রে সহজশর্তে ঋণ প্রদানের প্রস্তাব তুলে ধরে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করতে চায়। সাক্ষাতকালে তারা একটি পাওয়ার পয়েন্টও উপস্থাপনা করেন।

এ সময় চীনকে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধুপ্রতীম দেশ হিসেবে অভিহিত করে মন্ত্রী বলেন, বাংলাদেশের যোগাযোগখাতসহ বিভিন্ন খাতে চীন যে সহায়তা নিয়ে এগিয়ে এসেছে তা আমাদের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ইতিবাচক প্রভাব রাখছে।

এ দেশের স্বাস্থ্যখাতে চীনের সহায়তা কিভাবে আরো বাড়ানো যায় তা সক্রিয়ভাবে বিবেচনার জন্য মন্ত্রী চীনের প্রতি আহ্বান জানান। তিনি আরো বলেন, বাংলাদেশ স্বাস্থ্যখাতে যেভাবে এগিয়ে চলেছে তার প্রশংসা বিশ্ব নেতৃবৃন্দ বিভিন্ন আন্তর্জাতিক ফোরামে করছেন এবং বাংলাদেশকে উন্নয়নশীল দেশগুলোর জন্য দৃষ্টান্ত হিসাবে উল্লেখ করেন।

এছাড়া এদেশের স্বাস্থ্যসেবাকে আরো গণমূখী করতে চীনের সহযোগিতা কামনা করে মন্ত্রী বাংলাদেশের বিদ্যমান আইন ও বিধানের সাথে সঙ্গতি রেখে চীনের এই প্রস্তাবনা বিবেচনা করবেন বলে আশ্বাস প্রদান করেন।

এ সময় স্বাস্থ্য প্রতিমন্ত্রী জাহিদ মালেক, সচিব সৈয়দ মন্জুরুল ইসলাম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. দীন মো. নুরুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

এসএ/আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।