সিটি নির্বাচনে ভোট পড়েছে ৪৪ শতাংশ
তিন সিটি কর্পোরেশন নির্বাচনে গড়ে প্রায় ৪৪ শতাংশ ভোট পড়েছে বলে জানা গেছে। বুধবার নির্বাচন কমিশনের (ইসি) দায়িত্বশীল কর্মকর্তারা এ তথ্য জানিয়েছেন। তবে এ বিষয়ে নির্বাচন কমিশনার কোন কথা বলেননি।
দায়িত্বশীল ওই কর্মকর্তারা জানান, তিন সিটিতে মোট ৬০ লাখ ২২ হাজার ৯৫২ ভোটারের মধ্যে ২৬ লাখ ৪৮ হাজার ৭২৮ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। এর মধ্যে বাতিল হয়েছে ১ লাখ ২১ হাজার ৫ টি ভোট। মোট বাতিল ভোটের পরিমান ৪ দশমিক ৫৬ শতাংশ।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ঢাকা উত্তরে ভোট পড়েছে ৩৭ দশমিক ২৯ শতাংশ, বৈধ ভোটের সংখ্যা ৮ লাখ ৪১ হাজার। বাতিল ভোট ৩৩ হাজার ৫৮১টি। এ সিটিতে কোন কেন্দ্র স্থগিত হয়নি। দক্ষিণে ভোট পড়েছে ৪৮ দশমিক ৫৭ শতাংশ, বৈধ ভোট ৮ লাখ ৬৫ হাজার ৩৫৪ ভোট, বাতিল ভোট ৪০ হাজার ১৩০ টি। স্থগিত রয়েছে ৩টি কেন্দ্র। এছাড়া চট্টগ্রামে ভোটের হার ৪৭ দশমিক ৮৯ শতাংশ, বৈধ ভোট ৮ লাখ ২১ হাজার ৩৭১ ভোট। বাতিল ভোট ৪৭ হাজার ২৯২ ভোট। এ সিটিতে কোন কেন্দ্র স্থগিত হয়নি।
উল্লেখ্য, মঙ্গলবার ব্যাপক অনিয়ম ও কারচুপির মধ্য দিয়ে তিন সিটি কর্পোরেশনে নির্বাচন অুনষ্ঠিত হয়। ভোট শুরুর কয়েক ঘণ্টা পরই তিন সিটিতেই নির্বাচন বর্জনের ঘোষণা দেন বিএনপি-সমর্থিত প্রার্থীরা। ভোট গ্রহণ শেষে তিন সিটিতে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থীদের বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয়।
এইচএস/এএইচ/আরআইপি