ভাস্কর নভেরার মৃত্যুতে বাংলা একাডেমির শোক
আধুনিক ভাষ্কর্য শিল্পের অন্যতম পথিকৃৎ নভেরা আহমেদের মৃত্যুতে বাংলা একাডেমি গভীর শোক প্রকাশ করেছে। বৃহস্পতিবার বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান স্বাক্ষরিত এক বাণীতে এ শোক প্রকাশ করা হয়।
শোক বাণীতে বলা হয়, বাংলা একাডেমি ভাস্কর নভেরা আহমদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছি। তার অমর কীর্তি শিল্পী হামিদুর রহমানের সঙ্গে যুক্তভাবে কৃত মহান ভাষা আন্দোলনের বীর শহিদদের স্মরণে ঢাকা মেডিকেল কলেজ সংলগ্ন এলাকায় কেন্দ্রীয় শহীদ মিনারের নক্শা। বাঙালির সংগ্রাম ও গৌরবের প্রতীক এই শহিদ মিনার অনন্তকাল ধরে জাতির শোক, অশ্রু, আবেগ ও সংকল্পকে ধারণ করে রাখবে। ভাষা আন্দোলনের অমর শহিদদের বাঙালি জাতি যেমন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে তেমনি এই শহীদ মিনারের অন্যতম স্থপতি ভাস্কর নভেরা আহমেদকেও শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করবে।
নভেরা আহমেদ এক বর্ণাঢ্য শিল্পজীবনের অধিকারী। তিনি বার্ধক্যজনিত কারণে গত ৫ মে ২০১৫ মঙ্গলবার ফ্রান্সের প্যারিসে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
একে/আরআইপি