কুতুবদিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতি
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় ‘মোরা’র প্রভাবে উপকূলীয় জেলা কক্সবাজারের দ্বীপ উপজলা কুতুবদিয়ায় ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। ঘূর্ণিঝড়ে উপজেলার বিভিন্ন এলাকায় কমপক্ষে ৬ হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে।
ঝড়ে মানুষের বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়াও বিভিন্ন গাছপালাও উপড়ে পড়েছে। মঙ্গলবার ভোরে প্রবল ঘূর্ণিঝড়টি কক্সবাজার উপকূল অতিক্রমের সময় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, ‘মোরা`র প্রভাবে সৃষ্ট জোয়ারে উপকূলীয় এলাকায় বিভিন্ন গ্রাম প্লাবিত হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে ওই এলাকার বিভিন্ন ফসলও।
কক্সবাজার জেলা প্রশাসক জানান, ঘূর্ণিঝড়ের বিভিন্ন এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। এর মধ্যে শুধু কুতুবদিয়াতেই প্রায় ৩০ হাজার মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। প্রশাসন ছাড়াও রেড ক্রিসেন্টসহ বিভিন্ন সংস্থার উদ্যোগে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। তবে এ ঘটনায় এখনও কোনো হতাহতের খবর পাওয়া যায়নি বলে জানিয়েছেন তিনি।
স্থানীয় সূত্র জানায়, সকাল ৮টার দিকে কুতুবদিয়া উপকূলীয় এলাকা অতিক্রম করে `মোরা`। এ সময় কুতুবদিয়ায় দমকা হাওয়া ও প্রচণ্ড ঝড়োবৃষ্টি হয়। অনেক বাড়িঘরের টিনের চাল উড়ে গেছে বাতাসে। বিধ্বস্ত হয়ে গেছে বহু কাঁচা ঘরবাড়ি। অনেক গাছপালা উপড়ে পড়েছে। উপজেলার বিভিন্ন রাস্তাঘাটে গাছ উপড়ে পড়ায় বন্ধ হয়ে পড়েছে যান চলাচল।
কুতুবদিয়া লাইট হাউজ সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি ডা. সাইয়েদুল মনির বলেন, এক কথায় লণ্ডভণ্ড হয়ে গেছে সবকিছু। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের তালিকায় নারী, শিশু এবং বৃদ্ধরা। কিছু কিছু এলাকায় বাড়িঘরে পানি উঠে গেছে। বাকি গ্রামগুলোও প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে।
এমএমএ/ওআর/পিআর