৩ দিনেও চিহ্নিত হয়নি ব্লগার অনন্ত’র খুনিরা


প্রকাশিত: ১০:৩২ এএম, ১৫ মে ২০১৫

মুক্তমনা ব্লগের লেখক ও সিলেট গণজাগরণ মঞ্চের অন্যতম সংগঠক অনন্ত বিজয় দাশ হত্যার তিন দিন পরও চিহ্নিত হয়নি খুনিরা। হত্যার কারণ সম্পর্কেও পুরোপুরি নিশ্চিত নন আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

হত্যার এক ঘণ্টার মধ্যে টুইট ও ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আনসারুল্লাহ বাংলা-৮ নামে একটি সংগঠন এর দায় স্বীকার করলেও সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) ওই অ্যাকাউন্টগুলোর আইপি এখনো শনাক্ত করতে পারেনি। তবে পুলিশ বলছে, এ হত্যাকাণ্ডে অনেকগুলো বিষয় জড়িত। তাই পুলিশ বেশ সতর্কতার সঙ্গে এর তদন্ত কাজ চালাচ্ছে। প্রয়োজনে যে কোনো তদন্ত সংস্থার সাহায্যও নেয়া হবে।

এদিকে, অনন্ত খুনের চারদিনের দিন শুক্রবার দুপুরে নিহতের সিলেট নগরের নুরানি দিঘীর পাড় এলাকার বাসায় শ্রাদ্ধানুষ্ঠান সম্পন্ন হয়েছে। শ্রাদ্ধানুষ্ঠানে অনন্ত’র সহকর্মী, বন্ধু-বান্ধবসহ বিভিন্ন রাজনৈতিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

গত মঙ্গলবার সকালে সিলেট নগরের সুবিদবাজারস্থ নিজ বাসার সামনে মুখোশপড়া অজ্ঞাত চার ঘাতক কুপিয়ে খুন করে ব্লগার অনন্তকে। আর এ ঘটনায় ওইদিন রাতে তার বড় ভাই রত্নেশ্বর দাশ বাদি হয়ে বিমাবন্দর থানায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। কিন্তু হত্যাকাণ্ডের তিনদিন পার হলেও পুলিশ এখনো রয়ে গেছে অন্ধকারে।

কেন এবং কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তার কিছুই উদঘাটন করতে পারেনি পুলিশ। এমনকি ঘাতকদের কাউকেই চিহ্নিত করতে পারেনি তারা। শুধু হত্যার সময় সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলা সেই যুবকের সন্ধানে কাজ করা হচ্ছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য থেকে ঘাতকদের মধ্যে অন্তত একজনকে সিলেটের বাসিন্দা বলে জানালেও তার পরিচয় বের করতে পারেনি তারা।

এই হত্যাকাণ্ড অন্যান্য হত্যাকাণ্ড থেকে আলাদা হওয়ায় সতর্কতার সঙ্গে বিভিন্ন বিষয় বিবেচনায় নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ। এ হত্যাকাণ্ড তদন্তে প্রয়োজনে সিআইডিসহ অন্যান্য তদন্ত সংস্থার সাহায্য নেয়া হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মো. রহমত উল্লাহ জানান, পুলিশ অত্যন্ত সতর্কতার সঙ্গে তদন্ত কাজ চালিয়ে যাচ্ছে। ইতোমধ্যে বেশ কিছু তথ্য পেয়েছে পুলিশ। সেগুলো খতিয়ে দেখা হচ্ছে। প্রয়োজনে সিআইডিসহ অন্যান্য বিশেষজ্ঞ তদন্ত সংস্থার সাহায্য নেওয়া হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, মঙ্গলবার সকালে সিলেট নগরের সুবিদবাজারে নুরানি আবাসিক এলাকার চৌরাস্তার মোড়ে নিজ বাসার সামনে অনন্তকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়।

ছামির মাহমুদ/এআরএ/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।