মানবতাবিরোধী অপরাধ মামলায় গ্রেফতারকৃত রাজ্জাক কারাগারে


প্রকাশিত: ১২:০১ পিএম, ২০ মে ২০১৫

একাত্তরের মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গ্রেফতারকৃত হবিগঞ্জের আব্দুর রাজ্জাককে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর নির্দেশে তাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়।

বানিয়াচঙ্গ থানা পুলিশ বুধবার সকালে আব্দুর রাজ্জাককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এর বিচারপতি ওবায়দুল হাসান শাহীনের পনতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে হাজির করে। শুনানি শেষে ট্রাইব্যুনাল তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এর আগে মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা সদরের আথানগিরি দুর্গম পাহাড়ী এলাকা থেকে আব্দুর রাজ্জাককে গ্রেফতার করে বানিয়াচং থানা পুলিশ।

ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, আব্দুর রাজ্জাক মৌলভীবাজারের দুর্গম পাহাড়ি এলাকায় তার এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে ছিলেন। মঙ্গলবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে মৌলভীবাজার সদর থানার সহযোগিতায় সেখান থেকে তাকে গ্রেফতার করা হয়।

এর আগে মানবতাবিরোধী অপরাধ মামলায় গত ১০ ফেব্রুয়ারি রাজ্জাকের চাচাতো ভাই মহিবুর রহমান বড় মিয়া ও মজিবুর রহমান আঙ্গুর মিয়াকে আটক করা হয়েছে। আটক এই দু’চাচাত ভাইকে মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে সহযোগিতা করায় রাজ্জাকের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে।

রাজ্জাক হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার বাসিন্দা। তিনি বানিয়াচং উপজেলার খাগাউড়া ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত তজই উল্লার ছেলে।

আরএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।