২০ মে : একনজরে সারাদিনের খবর
মাহিদুর ও আফসারের আমৃত্যু কারাদণ্ড
মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় চাঁপাইনবাবগঞ্জের মাহিদুর রহমান ও আফসার হোসেন চুটুকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ের সম্মাননা পেলেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্রের কোরনেল বিশ্ববিদ্যালয় বাংলাদেশের কৃষিতে উন্নয়ন এবং খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সম্মাননাপত্র দিয়ে সম্মান জানিয়েছে।
সংসদীয় কমিটির বৈঠকে তোপের মুখে রেলমন্ত্রী
সংসদীয় কমিটির সদস্যরা অভিযোগ করে বলেছেন, রেলের খালাসী পদে মাস শেষে বেতন চার হাজার ১০০ টাকা। এই চাকরির জন্য চার লাখ টাকা ঘুষ দিয়েছেন প্রার্থীরা। সঙ্গে মন্ত্রী-এমপিদের সুপারিশও ছিলো। তারপরও চাকরি হয়নি। আবার লাখ লাখ টাকা ঘুষ নিয়ে কাউকে কাউকে এই পদে নিয়োগ দেওয়া হয়েছে।
সিটি নির্বাচন : সাংবাদিকদের উপর হামলার ঘটনা অস্বীকার পুলিশের
সদ্য সমাপ্ত ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটকেন্দ্রে সাংবাদিকদের প্রবেশে বাধা ও হামলার ঘটনা ঘটলেও তার কিছুই জানেন না নির্বাচনের দিন দায়িত্ব থাকা পুলিশ কর্মকর্তারা। নির্বাচনে ভোট কেন্দ্রে প্রবেশে সাংবাদিকদের বাধা দেয়ার ঘটনা নির্বাচন কমিশন স্বীকার করলেও ভোট কেন্দ্রে নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ তা অস্বীকার করলো।
নতুন পে-স্কেলে ক্ষতিগ্রস্ত হবেন ১৪ লাখ চাকরিজীবী
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল চূড়ান্ত করা হয়েছে। নতুন এ স্কেল অনুযায়ী আগামী জুলাই মাস থেকেই তারা বেতন পাবেন বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। নতুন বেতন কাঠামোর আওতায় সুবিধা পাবেন ২১ লাখ চার হাজার সরকারি চাকরিজীবী।
দুই সিটি কর্পোরেশনের ব্যয়ের হিসাব চেয়েছে সংসদীয় কমিটি
ঢাকার বিভক্ত দুই সিটি কর্পোরেশনের (উত্তর ও দক্ষিণ) ব্যয়ের হিসাব চেয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি। অভিভাবকহীন হয়ে থাকা এ দুই সিটির প্রশাসকরা কোন খাতে কতো টাকা খরচ করেছেন; প্রতিবেদন আকারে তা কমিটিতে উপস্থাপনের নির্দেশ দেয়া হয়েছে।
ইন্দিরা গান্ধী হাসপাতালে সালাহউদ্দিন
বিএনপির যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদকে ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের সিভিল হাসপাতাল থেকে নর্থ ইস্ট ইন্দিরা গান্ধী রিজিওনাল রিসার্চ অ্যান্ড ইনস্টিটিউট হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
ব্যাংকগুলোতে অলস টাকার পাহাড়
দেশের ব্যাংকিং খাতে অলস টাকার পাহাড় কমছে না। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর প্রায় দেড় বছর পেরিয়ে গেলেও শিল্প উদ্যোক্তারা বিনিয়োগে এগিয়ে আসছেন না। এপ্রিল মাসে ব্যাংকে অলস টাকার পরিমাণ দাঁড়িয়েছে এক লাখ সাত হাজার ৪২০ কোটি টাকা।
রেলওয়ের জমি সংক্রান্ত যাবতীয় তথ্য চেয়েছে সংসদীয় কমিটি
বাংলাদেশ রেলওয়ের জমি সংক্রান্ত যাবতীয় তথ্য পেয়েছে সংসদীয় কমিটি। জমির সুষ্ঠু ব্যবস্থাপনা নিশ্চিত করতে রেলের কি পরিমাণ জমি কতজনকে বৈধভাবে লিজ দেওয়া হয়েছে, তাদের সঙ্গে কি চুক্তি ছিল, চুক্তি অনুযায়ী তা সঠিকভাবে পালন করা হয়েছে কিনা সে সকল বিষয়ে বিস্তারিত সুস্পষ্ট প্রতিবেদন কমিটিতে জমা দিতে বলা হয়েছে।
বিচার ব্যবস্থা রাজনৈতিক চাপে ভীতসন্ত্রস্ত : খন্দকার মাহবুব
বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি ও আসন্ন বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনের প্রার্থী অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন বলেছেন, বিচার ব্যবস্থা স্বাধীন নয় বরং সর্বদা রাজনৈতিক চাপে ভীতসন্ত্রস্ত। গণতন্ত্র ও আইনের শাসন না থাকলে বিচার ব্যবস্থা দুর্নীতিমুক্ত হবে না।
বেতন বাড়ায় বাড়বে বাড়ি ভাড়া
সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের বেতন বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ি ভাড়াও বেড়ে যাবে বলে মন্তব্য করেছেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক চুন্নু। বুধবার সকালে ধানমণ্ডিস্থ বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্ট্যাডিজ (বিল্স) কার্যালয়ে এক অনুষ্ঠানের মন্ত্রী মন্তব্য করেন।
ভারতে স্বীকৃতি পেল বিএসটিআইয়ের মানসনদ
বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশরে (বিএসটিআই) কেমিকেল (রাসায়নিক) ও ফিজিক্যাল (পদার্থ) ল্যাবরেটরির দেয়া ২৫টি পণ্য এবং ১৪৩টি প্যারামিটারের মানসনদ ভারতের স্বীকৃতি পেয়েছে বলে জানিয়েছেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু।
নাশকতার ৩ মামলায় ফখরুলের জামিন নামঞ্জুর
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে নাশকতার অভিযোগে পল্টন থানায় দায়েরকৃত তিনটি মামলায় রিমান্ড ও জামিন নামঞ্জুর করেছেন আদালত।
আন্দোলনে ব্যর্থ হয়ে ঘরে খালেদা : তোফায়েল আহমেদ
সরকার ও ব্যবসায়ী এক থাকায় বছরের শুরু থেকে ৯২ দিন আন্দোলনে ব্যর্থ হয়ে খালেদা জিয়া ঘরে ফিরে গেছেন বলে মন্তব্য করেছেন বাণিজ্য মন্ত্রী তোফায়েল আহমেদ। বুধবার রাজধানীর মতিঝিল দিলকুশায় ইউনুস টাওয়ারে বাংলাদেশ চায়না চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) নতুন অফিস উদ্বোধনের সময় তনি এ কথা বলেন।
সন্ত্রাসে অর্থায়ন বন্ধে সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আতিউর রহমান বলেছেন, মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধে পারস্পরিক সমন্বয়ের ভিত্তিতে কাজ করতে হবে। তবেই মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়নমুক্ত একটি সুসংহত আর্থিক ব্যবস্থা গড়ে তোলা সম্ভব হবে।
হ্যাপিকে ধর্ষণের মামলায় রেহাই পেলেন রুবেল
জাতীয় ক্রিকেট দলের পেসার মোহাম্মদ রুবেল হোসেনের অব্যাহতি চেয়ে এক তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল করেছিলেন। সেই প্রতিবেদনের বিরুদ্ধে চিত্রনায়িকা নাজনীন আক্তার হ্যাপির নারাজি আবেদন খারিজ করে দিয়েছে আদালত। আর বিনাকসুর অব্যাহতি পেলেন রুবেল।
# আজকের চাকরি : ২০ মে ২০১৫
আরএস/আরআই