ষষ্ঠ বাংলাদেশ-ভারত মৈত্রী বৈঠক শুক্রবার


প্রকাশিত: ০৪:০২ পিএম, ২০ মে ২০১৫

ষষ্ঠ বাংলাদেশ-ভারত মৈত্রী বৈঠক বসতে চলেছে ভারতের রাজধানী নয়াদিল্লিতে। শুক্রবার ও শনিবার এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের আলোচ্য বিষয় হবে ‘দ্বিপাক্ষিক সম্পর্ক ও তা পেরিয়ে গিয়ে’। এর আগে বাংলাদেশ-ভারত মৈত্রী আলোচনার প্রথম অধিবেশন হয়েছিল পশ্চিমবঙ্গের কলকাতায়। দ্বিতীয় বৈঠক হয় ঢাকায়। তৃতীয় বৈঠক আবারো কলকাতায়, চতুর্থ বৈঠক ত্রিপুরার আগরতলা এবং পঞ্চম বৈঠক দিল্লিতেই অনুষ্ঠিত হয়।  

শুক্রবার সন্ধ্যায় দিল্লির ওবেরয় হোটেলে এ বৈঠকের উদ্বোধন করবেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়কারি। গত বছর বৈঠকের অংশীদার ছিল আইসিসিআর। এবার এ দায়িত্ব নিয়েছে ইন্ডিয়া ফাউন্ডেশন। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম আসছেন এ বৈঠকে যোগ দিতে। বৈঠকে যোগ দেবেন ফ্রেন্ডস অব বাংলাদেশ-কলকাতা চ্যাপ্টারের সহ-সভাপতি সত্যম রায়চৌধুরী।

নীতিন গড়কারি ছাড়া আরো দু’জন কেন্দ্রীয় মন্ত্রী ওই অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করছেন। তারা হলেন রেলমন্ত্রী সুরেশ প্রভু ও বাণিজ্য, শিল্প এবং অর্থ দফতরের রাষ্ট্রমন্ত্রী নির্মলা সীতারামন। বৈঠক উপলক্ষে এদিন নৈশভোজের আয়োজন করবেন পররাষ্ট্রমন্ত্রী শাহরিয়ার আলম।

ভারত-বাংলাদেশ মৈত্রী নিয়ে আলোচনা বৈঠকে আরো কেন্দ্রীয় মন্ত্রী উপস্থিত থাকবেন। শনিবার ইন্ডিয়া হ্যাবিট্যাট সেন্টারের গুলমোহর হলে অনুষ্ঠিত হবে ভারত-বাংলাদেশ মৈত্রী বৈঠকের দ্বিতীয় অধিবেশন। দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্র দফতরের রাষ্ট্রমন্ত্রী কিরণ রিজিজু আলোচনায় অংশ নেবেন।

আরো থাকবেন বিএসএফের অবসরপ্রাপ্ত ডিজিপি ও সর্দার প্যাটেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এমএল কুমাওয়াত এবং মেজর জেনারেল (অবসরপ্রাপ্ত) আবদুর রশিদ। বৈঠকে পরিচালকের ভাষণ দেবেন অধ্যাপিকা বীণা সিক্রি।

বৈঠকে অংশ নেবেন ভারতের জেএনইউ-এর প্রাক্তন অধ্যাপক আইএন মুখার্জি, ঢাকা স্কুল অব ইকনমিক্সের রে’র ও গভর্নিং কাউন্সিলের চেয়ারম্যান খলিফুজ্জামান আহমেদ। পরের অধিবেশনে পরিচালকের ভাষণ দেবেন আওয়ামী লিগের আন্তর্জাতিক সম্পর্ক কমিটির চেয়ারম্যান মোহম্মদ জামির। থাকবেন অধ্যাপক ব্রহ্মা চেলানি, অধ্যাপক ড. আইনান নিশাত।

সমাপ্তি অধিবেশনে বিশেষ ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা গওহর রিজভি, ভারত সরকারের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং ফ্রেন্ডস অব বাংলাদেশের ঢাকা চ্যাপ্টারের সচিব এএসএম শামসুল আরেফিন। প্রথম দিন, শুক্রবার, বৈঠকের সূচনা করবেন দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মুয়াজ্জেম আলি।

বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।