গতবছরের প্রশ্নপত্রে নেয়া হলো এবছরের এইচএসসি পরীক্ষা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০৬:৪১ পিএম, ২০ মে ২০১৫

পিরোজপুরের কাউখালী উপজেলার কাউখালী মহিলা মহাবিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ২০১৪ সালের প্রশ্ন দিয়ে ২০১৫ সালে এইচ,এস,সি পরীক্ষা গ্রহণ করার ঘটনা ঘটেছে। এ ঘটনায় বিক্ষোভ প্রকাশ করেছেন ওই কেন্দ্রের ৩৭ জন পরীক্ষার্থী। বুধবার বিকেলে বরিশাল বোর্ডের রসায়ন ১ম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষায় এই ঘটনা ঘটে।

পরীক্ষার্থী ও ওই কলেজের অধ্যক্ষের সূত্রে জানা যায়, বুধবার বিকেলে বরিশাল বোর্ডের রসায়ন ১ম পত্রের নৈর্ব্যক্তিক পরীক্ষার প্রশ্ন বিতরণের পর যথারীতি পরীক্ষার্থীরা পরীক্ষা দিতে শুরু করেন। পরীক্ষার শেষ পর্যায় পরীক্ষার্থীদের কয়েকজন লক্ষ্য করেন ২০১৪ সালের একই বিষয়ে একই প্রশ্নে ২০১৫ সালের পরীক্ষা নেওয়া হচ্ছে। এ সময় পরীক্ষার্থীরা হৈ চৈ শুরু করলে শিক্ষকরা তাদের ধমক দিয়ে পরীক্ষা দিতে বাধ্য করেন।

পরীক্ষা শেষে পরীক্ষার্থীরা প্রশ্ন হাতে নিয়ে কাউখালী মহাবিদ্যালয় মাঠে বিক্ষোভ প্রদর্শন করেন।

কাউখালী মহিলা কলেজ অধ্যক্ষ লুৎফর রহমান এই ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আমাদের কিছু করার ছিলনা।

এ বিষয়ে বরিশাল বোর্ডের কন্ট্রোলার মো. শাহ আলমগীর জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখ জনক। তবে ওই সমস্ত ছাত্রদের রোল নম্বর আলাদাভাবে তালিকা করে বোর্ডে পাঠাতে বলা হয়েছে। ওই শিক্ষার্থীদের কোন ক্ষতি হবেনা।

তিনি এ প্রতিনিধিকে আরো জানান, ওই অধ্যক্ষকে দায়িত্ব পালনে ব্যর্থতার কারণে, কেন্দ্র সচিব পদ থেকে কেন প্রত্যাহার করা হবেনা- সে মর্মে বৃহস্পতিবার কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।

এসআরজে

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।