আনসারুল্লাহকে নিষিদ্ধের প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী
পুলিশের সুপারিশের ভিত্তিতে আনসারুল্লাহ বাংলাটিমকে নিষিদ্ধ করার ব্যাপারে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বিবিসি বাংলার এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়।
এ সংগঠনটির সঙ্গে আল কায়েদাসহ বিভিন্ন আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনের সম্পর্ক আছে বলে সন্দেহ করে পুলিশ। আনসারুল্লাহ বাংলাটিমকে নিষিদ্ধ করার জন্য গত সপ্তাহেই পুলিশের পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সুপারিশ পাঠানো হয়।
পুলিশ বলছে, সাম্প্রতিক মাসগুলোতে কয়েকজন ব্লগারকে হত্যার ঘটনার সঙ্গে এ সংগঠনটির সম্পৃক্ততার ব্যাপারে তাদের কাছে তথ্যপ্রমাণ রয়েছে। আর সেকারণেই এ সংগঠনকে নিষিদ্ধ করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়।
এসকেডি/বিএ/পিআর