বাংলা ভাষা প্রয়োগে এখনো অনেক কাজ বাকি


প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২২ মে ২০১৫

জনপ্রিয় লেখক, পদার্থবিদ, ও শিক্ষাবিদ ড. মুহম্মদ জাফর ইকবাল বলেছেন, কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে এখনো অনেক কাজ বাকি। আর অসমাপ্ত কাজটুকু আমাদেরই করতে হবে।

শুক্রবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (শাবিপ্রবি) কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে দুই দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটি সকাল থেকে শুরু হয়ে সম্মেলনের প্রথম দিন বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয়ের আইআইসিটি ভবনের মিলনায়তনে সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ভারপ্রাপ্ত উপাচার্য ইলিয়াস উদ্দিন বিশ্বাস।

‘ফাস্ট ইন্টারন্যাশনাল বাংলা কম্পিউটেশনাল ল্যাংগুয়েজটিক সিম্পোজিয়াম’ শীর্ষক আন্তর্জাতিক এ সম্মেলনের আয়োজক হিসেবে রয়েছে বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি।

ইনস্টিটিউট’র পরিচালক জনপ্রিয় মুহম্মদ জাফর বলেন, কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে এখনো অনেক কাজ বাকি। অসমাপ্ত কাজটুকু আমাদেরই করতে হবে। সম্মেলনে অংশ নেওয়া বুয়েটের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ বলেন, বাংলাকে নিয়ে যেসব কাজ হচ্ছে তা খন্ড খন্ড। কম্পিউটারে বাংলা ভাষার প্রসেসিংকে যদি আমরা এগিয়ে নিতে চাই তাহলে আমাদের অবশ্যই এই ধরণের কংগ্রেস করতে হবে। বাংলার উপর যেসব কাজ করা হয়েছে তার যদি সংগ্রহশালা থাকে তাহলে ভবিষ্যতে যারা কাজ করবে তারা এরপর থেকে শুরু করতে পারবে। এভাবে আমাদের অগ্রসর হতে হবে।

সম্মেলনে অংশ নেওয়া বিজয় বাংলা কী-বোর্ডের আবিষ্কারক মোস্তাফা জাব্বার বলেন, কম্পিউটারে বাংলা ভাষার প্রয়োগের ক্ষেত্র অনেক। তাই আরো বড় পরিসরে এই ধরণের উদ্যোগ নিতে হবে।

দুই দিনব্যাপী এ সম্মেলনে চারটি টেকনিক্যাল সেশন অনুষ্ঠিত হবে। বিভিন্ন টেকনিক্যাল সেশনে আলোচনা করবেন অধ্যাপক জাফর ইকবাল, অধ্যাপক কায়কোবাদ, মোস্তাফা জাব্বার, অধ্যাপক হাসান সরোয়ার, অধ্যাপক সহিদুর রহমান, অধ্যাপক সৈয়দ আক্তার হোসাইন, মেহেদী হাসান খান, রিফাত নবী, অধ্যাপক যুগল দাস, ড. নীলাদ্রী শেখর দাস, অধ্যাপক কে এম আজহার হোসেন প্রমুখ।

 ছামির মাহমুদ/এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।