গরম আর যানজটে অস্বস্তিতে নগরবাসী
সারাদিন অসহনীয় গরম আর যানজট। দুইয়ে মিলে নাকাল নগরবাসী। শুক্রবার সকাল থেকে গরমের তীব্রতাও বেশ। এ মুহূর্তে বাতাসে তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রোদের তীব্রতায় গরম অনুভূত হচ্ছে বেশি। পরিবেশ হয়ে উঠছে অসহনীয়। বৃহস্পতিবার সন্ধ্যার বৃষ্টি সামান্য হলেও শুক্রবার স্বস্তিতিতে ছিলেন না রাজধানীবাসী।
আবহাওয়া অফিস সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৬ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বনিম্ন ছিল ২৫.৩ ডিগ্রি সেলসিয়াস। এমতাবস্থায় গরম আর যানজটে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসফেরত ও ঘরমুখী মানুষদের। সকাল থেকে ছোট-বড় সব সড়কে রাজধানীবাসীকে অসহনীয় যানজটে আটকে থাকতে হচ্ছে।
তীব্র গরমে ট্রাফিক সিগন্যালগুলোতে আটকে থাকতে হচ্ছে ঘণ্টার পর ঘণ্টা। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে সময় লাগছে এক থেকে দেড় ঘণ্টা। বিশেষ করে অফিস শুরু এবং ছুটির সময়ে বেশি ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা। সব মিলিয়ে রাস্তায় নামলেই নাভিশ্বাস উঠছে নগরবাসীর।
এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, মাদারীপুর, বরিশাল ও পটুয়াখালী অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা বরিশাল ও ঢাকা বিভাগের কিছু অংশে বিস্তার লাভ করতে পারে।
সকাল ৯টা থেকে আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ঢাকা, চট্টগ্রাম এবং সিলেট বিভাগে দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
বিএ/পিআর