২৩ মে : একনজরে সারাদিনের খবর


প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ২৩ মে ২০১৫

বেহাল কোস্টগার্ড : বাড়ছে মানবপাচার

সমুদ্রপথে অপরাধ দমনের একমাত্র বাহিনী কোস্টগার্ডের পর্যাপ্ত জনবল ও অবকাঠামোগত সুবিধা না থাকায় মানবপাচার বাড়ছে। সম্প্রতি সাগরে ভাসমান অভিবাসী উদ্ধার হওয়ার ঘটনায় বিশ্বব্যাপি সমালোচনার ঝড় উঠার পর বাংলাদেশের কোস্টগার্ডের সক্ষমতা নিয়ে এক অনুসন্ধানে এ তথ্য জানা গেছে।

সিরাজগঞ্জে বাস-ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহত ১০

সিরাজগঞ্জের বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের কোনাবাড়ি এলাকায় দুটি বাস ও একটি ট্রাকের ত্রিমুখী সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়িছে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে হাসপাতাল সূত্র জানিয়েছে। নিহতদের মধ্যে আসাদুল (৩৫) নামে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি গাইবান্ধার সাঘাটা উপজেলার মফিজুল ইসলামের ছেলে।

সংসদে স্বতন্ত্র, বাইরে আওয়ামী লীগ!

ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তিনি। কিন্তু সংসদে স্বতন্ত্র এমপি। শুধু স্বতন্ত্র এমপিই নয়, সংসদে প্রায়ই ক্ষমতাসীন আওয়ামী লীগের সমালোচনা করেন। প্রস্তাবিত আইনে আনেন সংশোধনী। কিন্তু সংসদের বাইরে গেলেই দলীয় বিভিন্ন কর্মকাণ্ডে সরব উপস্থিতি। তিনি হলেন ঢাকা-৭ (লালবাগ-চকবাজার- কোতয়ালী-বংশাল) আসনের এমপি হাজী সেলিম।


সোমবার থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘট

ঢাকায় শ্রমিকদের মারপিট ও গাড়ি ভাঙচুরের ঘটনায় আগামী ২৫ মে থেকে রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটি।

সনদ ছাড়াই মুক্তিযোদ্ধার সুবিধা নিচ্ছেন ঢাবি শিক্ষক

সনদ ছাড়াই মুক্তিযোদ্ধা সুবিধা ভোগ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক আজিজুর রহমান। নিজেকে মুক্তিযোদ্ধা বলে ইতোমধ্যে চাকরির মেয়াদও এক বছর বাড়িয়ে নিয়েছেন তিনি। চাকরির মেয়াদ বাড়ানোর সময় নির্দিষ্ট সময়ে সনদ দাখিলের শর্ত থাকলেও এখনো তা করেননি ঢাবির ওই শিক্ষক। অবশ্যই এর জন্য তাকে তেমন কষ্ট করতে হয়নি। এক্ষেত্রে তার পক্ষ হয়ে স্ববিরোধী চিঠি চালাচালির অভিযোগ রয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বিরুদ্ধে।

নেপালে ৮৯ বিদেশিসহ এখনো নিখোঁজ ৩০০

নেপালে দুই দফা ধ্বংসাত্মক ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ৬শ’ ৩৫ জনে। এরমধ্যে তিনশ’ জন এখনো নিখোঁজ রয়েছে। যাদের ৮৯ জনই বিদেশি। পুলিশ জানিয়েছে, গত ২৪ এপ্রিলের ভূমিকম্পের পর থেকে ২শ’ ৪০ জন নেপালি ও ৮৯ জন বিদেশি নিখোঁজ রয়েছেন।খবর পিটিআই’র।

সৌদিতে আত্মঘাতী হামলার দায় স্বীকার আইএস’র

সৌদি আরবের শিয়া মসজিদে আত্মঘাতী বোমা হামলা চালিয়ে ২১ জনকে হত্যার দায় স্বীকার করেছে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট বা আইএস। এই হামলায় আরো শতাধিক আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।

সনদ পাওয়ার দিনেই চলে গেলেন বাংলাদেশি শিক্ষার্থী

স্নাতকের সনদ হাতে পাওয়া একজন শিক্ষার্থীর জীবনে অনেক আশা-আকাঙ্ক্ষার ব্যাপার। অনেক আশা থাকে জাকজমকপূর্ণ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বড় কর্তাদের হাত থেকে সনদ গ্রহণ করার। এমনই খুশির দিন হতে পারতো বাংলাদেশি আমিনাহ জেনিফাহর জীবনে। কিন্তু সনদ হাতে পাওয়ার পরই তিনি চলে যান না ফেরার দেশে।

নজরুলের জন্মজয়ন্তী উপলক্ষে কুমিল্লা যাচ্ছেন প্রধানমন্ত্রী

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬তম জন্মজয়ন্তী উপলক্ষে রোববার কুমিল্লা সফর করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিন বিকেলে তিনি কুমিল্লা টাউন হল মাঠে তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠানের উদ্বোধনসহ জেলার বিভিন্ন স্থানে আড়াইশ কোটি টাকা ব্যয়ে ১৯টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

উদ্বোধনের অপেক্ষায় ঢাকা-চট্টগ্রাম চার লেন প্রকল্প

দীর্ঘ প্রতিক্ষার পর অবশেষে শেষ হতে চলেছে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চার লেন প্রকল্পের কাজ। কুমিল্লার দাউদকান্দি সেতু পর্যন্ত ১৯৮ কিলোমিটার দীর্ঘ এই চার লেনের কাজ শেষ হয়েছে প্রায় ৯৫ শতাংশ। এরই মধ্যে যানবাহন চলাচলের জন্য ১৮৮ কিলোমিটার উন্মুক্ত করে দেয়া হয়েছে।

তরুণী ধর্ষণের ঘটনায় একজনের নাম জানা গেছে : পুলিশ

রাজধানীতে অস্ত্রের মুখে মাইক্রোবাসে উঠিয়ে চলন্ত বাসে আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় জড়িত এক ধর্ষকের নাম জানা গেছে বলে পুলিশ জানিয়েছে। তবে তদন্তের স্বার্থে পুলিশ নাম প্রকাশ করছে না। শনিবার দুপুরে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গুলশান জোনের উপ-কমিশনার (ডিসি) খন্দকার লুৎফুল কবির গুলশানে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এ কথা জানান।

বাগেরহাটে সার্কাসের হাতির আক্রমণে নিহত ৩

বাগেরহাটের মোল্লাহাটে একটি মর্দা হাতির আক্রমণের শিকার হয়ে তিনজন নিহত হয়েছেন। শনিবার সকালে গোপালগঞ্জ-মোল্লাহাটের সীমান্তবর্তী মধুমতী নদী পার হয়ে ওই হাতি মোল্লাহাট উপজেলার উদয়পুর ইউনিয়নের গাড়ফা গ্রামে প্রথমে হানা দেয়। সকাল সাড়ে ৭টার দিকে ওই এলাকার ফরিদ মোল্লার বাড়িতে হামলা চালিয়ে ৩টি টিনের ঘর ভেঙে ফেলে। পরে নদীর তীরে এক নারীকে হাতিটি তার সুর দিয়ে পেঁচিয়ে আছাড় দেয়। গুরুতর আহত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর তিনি মারা যান।

সুন্দরবনে জাহাজডুবির ২২ দিন পর উদ্ধার কাজ শুরু

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরনখোলা রেঞ্জের ভোলা নদীর বিমলের চর এলাকায় ডুবে যাওয়া সারবোঝাই এম ভি জাবালে নূর লাইটারেজ জাহাজটি গত ১ মে ডুবে যায়। ডুবে যাওয়ার ২২ দিন পর আজ শনিবার সকালে জাহাজটির উদ্ধার কাজ শুরু হয়েছে। এ কাজ সম্পন্ন করতে ঢাকা থেকে রূপসী বাংলা এবং বরিশাল থেকে ওয়েস্টার্ন নামের দুটি উদ্ধারকারী জাহাজ শুক্রবার বিকেলে ভোলা নদীতে এসে পৌঁছায়।

বাবলুর সামনেই ছাত্রসমাজের সভাপতি-সম্পাদককে জুতাপেটা

জাতীয় পার্টির (জাপা) মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর সামনেই সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদককে জুতাপেটা করেছে বিক্ষুব্ধ নেতাকর্মীরা। জানা গেছে- জাতীয় পার্টির এই ছাত্র সংগঠনটির ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের কমিটি বিলুপ্ত করার ঘটনায় ক্ষুব্ধ নেতাকর্মীরা এ অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটায়।

আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন খালেদা : মতিয়া চৌধুরী

আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য ও কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী বলেছেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে অংশ না নেয়ায় বিএনপি নেত্রী খালেদা জিয়া ইতিহাসের আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবেন। পাশাপাশি তিনি ২০০৭ সালের জরুরি অবস্থা জারির জন্য খালেদা জিয়া এবং তারেক রহমানকে দায়ি করেন।

সুইমিংপুলে রোমান্টিক দৃশ্যে ফেরদৌস ও মিম (দেখুন ছবিতে)

সুইমিংপুলে রোমান্টিক দৃশ্যে অভিনয় করলেন চিত্রনায়ক ফেরদৌস ও নায়িকা বিদ্যা সিনহা সাহা মিম। সম্প্রতি শ্রীমঙ্গলের ‘গ্র্যান্ড সুলতান’-এর সুইমিংপুলে একটি ডেভেলপমেন্ট কোম্পানির বিজ্ঞাপনের তারা এই অভিনয় করেন।

আবারো বিয়ে করলেন অমিতাভ রেজা

আবারো বিয়ে করলেন জনপ্রিয় নির্মাতা অমিতাভ রেজা চৌধুরী। অভিনেত্রী জেনির সঙ্গে ৪ বছর সংসার করার পর গত বছর তাদের বিচ্ছেদ ঘটে। এর কিছু সময় পর আবারো বিয়ে পিঁড়িতে বসেন অমিতাভ। তবে তার দ্বিতীয় বিয়ের খবর জানতেন না মিডিয়াকর্মীরা।

বিএ/আরএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।