চট্টগ্রামে ১১ কেজি গাঁজাসহ গ্রেফতার ৬
চট্টগ্রাম নগরের হালিশহর থানা এলাকায় অভিযান চালিয়ে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজাসহ ছয়জনকে আটক করেছে র্যাব-৭।
শুক্রবার (১৫ মে) র্যাবের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি জানানো হয়।
র্যাব জানিয়েছে, গোপন খবরের ভিত্তিতে বুধবার (১৪ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে হালিশহর থানার রঙ্গিপাড়া রমনা আবাসিক এলাকায় অভিযান চালানো হয়। এ সময় একটি ফ্ল্যাটে গাঁজা প্যাকেটজাত করার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।
আটক হওয়া ৬ জন হলেন, পাখি আক্তার (৩৫), মো. ফারুক (২৬), ফারজানা বেগম (২৬), মো. হানিফ মিয়া (২৭), শেখ ফরিদ (৩০) ও শাহানা বেগম (৫০)।
র্যাবের দাবি, অভিযানে অংশ নেওয়া সদস্যরা স্থানীয় লোকজনকে সঙ্গে নিয়ে একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাটে প্রবেশ করে দেখতে পান, অভিযুক্তরা বড় প্যাকেট থেকে গাঁজা বের করে ডিজিটাল ওজন মেশিনে মেপে ছোট ছোট পুরিয়া তৈরি করছিলেন।
অভিযানে ফ্ল্যাট থেকে ১১ কেজি ৯০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। উদ্ধার হওয়া মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লাখ ২০ হাজার টাকা বলে জানিয়েছে র্যাব।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন জানান, এ ঘটনায় আটক হওয়া ৬ জনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে তাদের হালিশহর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
এমআরএএইচ/এসএনআর