মগবাজারে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই
রাজধানীর মগবাজারের নিউ ইস্কাটন এলাকায় সেলিম আলম (৩৫) নামে এক চাকরিজীবীকে গুলি করে ৩৩ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা।
রোববার দুপুরে মগবাজারের জনকণ্ঠ ভবনের সামনে ব্র্যাক ব্যাংকের শাখার সামনে এ ঘটনা ঘটে। সেলিম একটি ওষুধ কোম্পানির অ্যাকাউন্টস অফিসার।
সেলিমের সহকর্মী পিন্টু জানান, তারা তাদের কোম্পানির ৩৩ লাখ ২৭ হাজার টাকা নিয়ে দুপুরের দিকে মগবাজার এলাকায় ব্র্যাক ব্যাংকের একটি শাখায় জমা দিতে যাচ্ছিলেন। এসময় তিনটি মোটরসাইকেলে চড়ে কয়েকজন দুর্বৃত্ত গুলি ছোড়ে। এতে সেলিম আলম গুলিবিদ্ধ হন। এসময় দুর্বৃত্তরা তাদের সঙ্গে থাকা টাকার ব্যাগটি ছিনিয়ে নিয়ে যায়।
রমনা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুল মালেক জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছেছে। পুলিশের ঊর্দ্ধতন কর্মকর্তারা ঘটনাস্থলে আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
সেলিম বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
এআর/একে/এআরএস/পিআর