মাগুরা উপনির্বাচন : দুই পুলিশ কর্মকর্তাকে বদলির নির্দেশ ইসির


প্রকাশিত: ১১:০০ এএম, ২৪ মে ২০১৫

মাগুরা-১ আসনের উপ-নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে দুই পুলিশ কর্মকর্তাকে বদলির নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। রিটার্নিং কর্মকর্তার রিপোর্টের ভিত্তিতে নির্বাচনী এলাকার দুই পুলিশ কর্মকর্তাকে বদলি করতে পুলিশ হেড কোয়ার্টারকে নির্দেশ দেওয়া হয়।

রোববার বিকেলে নির্বাচন কমিশনার মো. শাহ নেওয়াজ বিষয়টি সাংবাদিকদের জানান। শাহ নেওয়াজ বলেন, সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এ নির্দেশনা দেওয়া হয়েছে।

ইসির সহকারী সচিব রাজীব আহসানের স্বাক্ষর করা নির্দেশনায় বলা হয়, শ্রীপুর থানার ওসি এবং মাগুরা থানার উপ-পরিদর্শক মানিক গাইনকে নির্বাচনের দায়িত্ব থেকে অব্যাহতি এবং অন্যত্র বদলি করতে কমিশন নির্দেশ দিয়েছে। একই সঙ্গে এ দুই কর্মকর্তাকে প্রত্যাহারের পর উপযুক্ত কর্মকর্তা পদায়নে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলা হয়েছে ওই নির্দেশনায়।

প্রসঙ্গ, ৩০ মে মাগুরা-১ আসনে উপ-নির্বাচনে ভোটগ্রহণ হবে। এ নির্বাচনে ন্যাশনাল পিপলস পার্টির কাজী তৌহিদুল ইসলাম, বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের কেএম মোতাসিম বিল্লা, আওয়ামী লীগের মেজর জেনারেল (অব.) এটিএম আবদুল ওয়াহহাব এবং স্বতন্ত্র থেকে তপন কুমার রায় প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ আসনে মোট ভোটার তিন লাখ ২৩ হাজার ১৪৪ জন।

এইচএস/বিএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।