মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার নির্দেশ


প্রকাশিত: ০৪:০৭ এএম, ২৮ মে ২০১৫

মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা ও দিগন্ত মিডিয়া কর্পোরেশনের চেয়ারম্যান মীর কাসেম আলীর করা আপিলের সারসংক্ষেপ ৪ সপ্তাহের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন চার সদস্যের আপিল বিভাগের বেঞ্চ বৃহস্পতিবার মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ জমা দেওয়ার এ নির্দেশ দেন।

এর আগে ২২ এপ্রিল মীর কাসেমের আপিলের সারসংক্ষেপ ২০ মের মধ্যে দাখিলের নির্দেশ দিয়েছিলেন আপিল বিভাগ। পরে এ বিষয়ে সময় আবেদন করেন মীর কাসেমের আইনজীবীরা।

ট্রাইব্যুনালের দেওয়া মৃত্যুদণ্ড থেকে বেকসুর খালাস চেয়ে গত বছরের ৩০ নভেম্বর সুপ্রীম কোর্টের আপিল বিভাগে আপিল দায়ের করেন মীর কাসেমের আইনজীবীরা।

সুপ্রীম কোর্টের আপিল বিভাগের সংশ্লিষ্ট শাখায় মীর কাশেম আলীর পক্ষে অ্যাডভোকেট অন রেকর্ড জয়নুল আবেদীন তুহিন এ আপিল দায়ের করেন। তার পক্ষে ১৮১টি গ্রাউন্ডে খালাস চেয়ে আপিল করা হয়।

২০১৪ সালের ২ নভেম্বর চেয়ারম্যান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ মীর কাসেমকে মৃত্যুদণ্ডের রায় প্রদান করেন।

রাষ্ট্রপক্ষের আনীত ১১ ও ১২ নম্বর অভিযোগে মুক্তিযোদ্ধা জসিম ও জাহাঙ্গীর আলম চৌধুরীকে হত্যার দায়ে আদালত তাকে মৃত্যুদণ্ডাদেশ দেন। এর মধ্যে ১২ নম্বর অভিযোগে সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে রায় প্রদান করা হয়। এ ছাড়া ২ নম্বর অভিযোগে ২০ বছর, ৩, ৪, ৬, ৭, ৯ ও ১০ নম্বর অভিযোগে মীর কাসেম আলীকে ৭ বছর করে এবং ১৪ নম্বর অভিযোগে ১০ বছর কারাদণ্ডাদেশ দেন ট্রাইব্যুনাল।

অপরদিকে ১, ৫, ৮ ও ১৩ নম্বর অভিযোগ থেকে মীর কাসেমকে অব্যাহতি দেওয়া হয়। মোট ৩৫১ পৃষ্ঠার রায়ের মধ্যে ১১ পৃষ্ঠার সংক্ষিপ্ত রায় আদালতে পড়ে শোনান বিচাপতি ওবায়দুল হাসান।

এটি মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের মামলাগুলোর মধ্যে ১১তম রায়।গত বছরের ৪ মে উভয়পক্ষের যুক্তি উপস্থাপন শেষে মামলাটি রায় ঘোষণার জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

এআরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।