ছিনতাইকারীর কবলে পরিচ্ছন্নতাকর্মী, ছুরিকাঘাত করে টাকা-ফোন লুট

ঢামেক প্রতিবেদক
ঢামেক প্রতিবেদক ঢামেক প্রতিবেদক
প্রকাশিত: ০৮:৩৬ এএম, ১৬ মে ২০২৬
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগ/ফাইল ছবি

রাজধানীর আদাবরে ছিনতাইকারীর কবলে পড়েছেন এক পরিচ্ছন্নতাকর্মী। তাকে ছুরিকাঘাত করে ২০ হাজার টাকা ও দুটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

শ্যামলী হাউজিং নদীরপাড় এলাকায় শুক্রবার (১৫ মে) রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পরে ওই কর্মীকে উদ্ধার করে রাত সাড়ে ৯টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়।

আহত মোহাম্মদ হৃদয় (২১) সিটি করপোরেশনে কাজ করেন। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলার পুরান মল্লিকপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে। তিনি বর্তমানে আদাবরের ১০ নম্বর বালুর মাঠ এলাকায় থাকেন।

হৃদয়কে হাসপাতালে নিয়ে আসা সহকর্মী মো. মামুন বলেন, ‘রাতে বাসায় যাওয়ার পথে এলাকার চিহ্নিত ছিনতাইকারী কিলার আবু সাইদ, মাউরা সোহেল, শাহিন ও আমির রাস্তা অবরোধ করে হৃদয়ের মাথা ও বাম কাঁধে ছুরিকাঘাত করে সঙ্গে থাকা ২০ হাজার টাকা ও দুটি মোবাইল নিয়ে যায়। পরে আমরা খবর পেয়ে তাকে উদ্ধার করে প্রথমে পঙ্গু হাসপাতালে (জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান) নিয়ে যাই। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসি।’

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, ‘আদাবর এলাকা থেকে ছিনতাইকারীর কবলে পড়ে এক যুবক এসেছেন। তাকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হয়েছে। আমরা বিষয়টি সংশ্লিষ্ট থানাকে অবগত করেছি।’

কেএজেডআইএ/একিউএফ/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।